সরকারি চিকিৎসাব্যবস্থা মেধাশূন্য হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের পর বছর ধরে শিক্ষকতা করে ও চিকিৎসাসেবা দিয়েও পদোন্নতি পাচ্ছেন না শিক্ষকেরা। এতে তাঁরা ক্ষুব্ধ। তাঁরা বলেছেন, এ অবস্থা চলতে থাকলে সরকারি চিকিৎসাব্যবস্থা মেধাশূন্য হয়ে পড়বে।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) আয়োজিত ১১তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে বক্তৃতায় বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকেরা ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেন। দুুই দিনব্যাপী এই সেমিনারে ২০০-এর বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, রাজনীতিকে পেশার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা যাবে না। তিনি বলেন, চিকিৎসকদের রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে চিকিৎসক হিসেবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি এম এ জলিল ও মহাসচিব বিল্লাল আলম বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে পদোন্নতি হতে অনেক সময় লেগে যায়। শিগগিরই মেডিকেল কলেজগুলোতে ব্যাপক শিক্ষক-সংকট দেখা দেবে। এ জন্য দ্রুত বিভাগীয় পদোন্নতি (ডিপিসি) পদ্ধতি চালু করতে হবে। এতে চিকিৎসকদের অসন্তোষ অনেকটাই দূর হবে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, শিক্ষকদের পদোন্নতি শিগগিরই হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন।অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর বলেন, স্বাস্থ্য খাতের জন্য জনশক্তি পরিকল্পনা দরকার। কোনো কোনো বিষয়ে শিক্ষক অনেক, আবার কোনো বিষয়ে শিক্ষকই নেই। তিনি বলেন, স্বাস্থ্য খাতের পুঞ্জীভূত সমস্যা রাতারাতি দূর করা যাবে না।