সরকারি নিয়মকে বুড়ো আঙুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলির এক মাস না পেরোতেই মিরপুরের জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্রের তিন কর্মচারীকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। মানবিক কারণে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন জানান ভুক্তভোগী তাহেরা বেগম, দুলারী বেগম ও মুজিবুর রহমান। তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা যান আদালতে। উকিল নোটিশের মাধ্যমে তাঁরা আপাতত বাসা ছাড়া ঠেকিয়েছেন।১৯৯২ সালে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি আদেশের ছয় মাস পর্যন্ত আগের বরাদ্দকৃত বাসায় থাকতে পারবেন সরকারি কর্মচারীরা।সমাজসেবা অধিদপ্তর গত ২৮ সেপ্টেম্বর এক আদেশে কেন্দ্রের প্রতিবন্ধী হোস্টেলের অ্যাটেনডেন্ট তাহেরা বেগম, দুলারী বেগম ও মুজিবুর রহমানসহ ১০ কর্মচারীকে বদলি করে। গত ১৮ অক্টোবর বিশেষ শিক্ষাকেন্দ্রের উপাধ্যক্ষ ফারিদা রোজী উল্লিখিত তিনজনকে ৩১ অক্টোবরের মধ্যে বাড়ি ছাড়ার নোটিশ দেন। কারণ তাঁর ভাষ্য অনুযায়ী ওই তিন কর্মচারী অন্য কর্মস্থলে কর্মরত আছেন। ফারিদা রোজীর সই করা চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ছাড়া না হলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নির্বিঘ্নে সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়া ও বাড়ি খোঁজার সুযোগ করে দিতে বাড়ি ছাড়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানান ওই তিন কর্মচারী। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত তাঁরা ছুটে যান আদালতে। গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম মাহবুব উদ্দিনের সই করা উকিল নোটিশে বলা হয়েছে, অন্যায়ভাবে কর্মচারীদের বাসা ছাড়তে বলা হলে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।সমাজসেবা অধিদপ্তরের বদলির আদেশকে হয়রানিমূলক বলে অভিহিত করছেন বিশেষ কেন্দ্রের কর্মচারীরা। কারণ ওই ১০ জনের মধ্যে নয়জনের নামই আছে একটি রিট মামলায়। তাঁদের অভিযোগ বদলির আদেশে বলা হয়েছে, ৩ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৪ অক্টোবর তাঁদের সরাসরি অব্যাহতি দেওয়া হবে। আর সরকারি নিয়ম উপেক্ষা করে তিনজনকে বাড়ি ছাড়ার নোটিশ সে হয়রানির চূড়ান্ত বহিঃপ্রকাশ।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবীর প্রথম আলোকে জানান, তিনি উকিল নোটিশটি পেয়েছেন। তিনি বলেন, ‘তারা উকিলকে কী বুঝিয়েছে তা জানি না। সরকারি নিয়মের মধ্যে বাসার কথা বলা আছে। কিন্তু তারা প্রতিবন্ধীদের হোস্টেলের দুটি রুমে থাকত। যদিও নিয়ম অনুযায়ী একটি রুমে থাকার কথা ছিল। হোস্টেলের অ্যাটেনডেন্টের জন্য বরাদ্দ করা এ রুমটি নতুন ভাবে যে এ দায়িত্ব নেবে, তাকে দিতেই হবে। কেননা আগে প্রতিবন্ধীদের স্বার্থ দেখতে হবে। কর্মচারীদের বাসা ছাড়ার বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার তা কেন্দ্রের অধ্যক্ষ নেবেন।’জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ শৈলেন্দ্র নাথ পাইক কোনো মন্তব্য করতে রাজি হননি।