সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচি স্থগিত
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সমিতির নেতারা গতকাল রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গেলে তিনি আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে কর্মসূচি স্থগিত করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে যৌক্তিক দাবিগুলো পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মন্ত্রী বলেন, এসব দাবি পূরণে মন্ত্রণালয় উদ্যোগ নেবে। তবে এ জন্য সময়ের প্রয়োজন হবে।মন্ত্রীর আশ্বাসে পরে শিক্ষক সমিতির নেতারা তাঁদের ঘোষিত কর্মসূচি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন। জানতে চাইলে বৈঠকে উপস্থিত সমিতির সভাপতি মুহা. আ. আউয়াল তালুকদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষাসহ শিক্ষার্থীদের স্বার্থে ও দাবি বাস্তবায়নে সময় দেওয়ার জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে দাবি পূরণ দৃশ্যমান না হলে আবার কর্মসূচি শুরু করা হবে।বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন, সমিতির মহাসম্পাদক সালেহা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধিসহ সাত দফা দাবিতে আন্দোলন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।