রাজধানীর তিনটি অভিজাত ক্লাবকে আগামী তিন মাস বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় (সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা) সরকারি বিদ্যুৎ ব্যবহার করে খেলাধুলা করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ক্লাব তিনটি হচ্ছে—অফিসার্স ক্লাব (বেইলি রোড), ঢাকা ক্লাব (শাহবাগ) ও উত্তরা ক্লাব। আদালত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালকদ্বয়কে বলেছেন, এ আদেশ বাস্তবায়নের বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য। তা ছাড়া, প্রতি মাসে প্রতিবেদন দিয়ে এর অগ্রগতি জানাতেও বলা হয়েছে। আইনানুযায়ী বিদ্যুৎ অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎসচিব, ডেসকো ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওই ক্লাব তিনটির প্রেসিডেন্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।বিদ্যুৎ অপচয় রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে মনজিল মোরসেদ ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার শুনানিতে অংশ নেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, তিনটি ক্লাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত খেলাধুলা করার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তবে ক্লাব কর্তৃপক্ষ নিজস্ব জেনারেটর বা বিদ্যুৎ ব্যবহার করে খেলাধুলা করতে পারবে।শুনানিতে রিট আবেদনকারী আইনজীবী বলেন, প্রয়োজনের তুলনায় দেশে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ও চিকিৎসাসেবাসহ জরুরি কাজ বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, এর আগে রংপুর শহর অন্ধকার থাকা অবস্থায় ফ্ল্যাড লাইট জালিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক লন টেনিস খেলেছেন বলে খবর প্রকাশিত হয়। আদালত ওই সম্পর্কে বিদ্যুৎ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। আইনের দৃষ্টিতে সবাই সমান। এ কারণে আদালতের নির্দেশনা সবার জন্য সমভাবে প্রযোজ্য। এ বিষয়ে আদালতের নির্দেশনা দেওয়ার আরজি জানান তিনি।