সরকারি-বেসরকারি কাজে সমন্বয় নেই, নারী নির্যাতন কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক কর্মসূচি ও প্রকল্প আছে। তবে এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় নেই। ফলে নির্যাতনের সংখ্যা কমছে না।গতকাল বৃহস্পতিবার নগরের একটি হোটেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ আয়োজিত মতবিনিময় সভায় আলোচকেরা এ কথা বলেন। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দেন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন।সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা দেওয়ার জন্য দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালু আছে। আগামী মাসেই রংপুর মেডিকেল কলেজে আরও একটি কেন্দ্রের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষাটি অনেক ব্যয়বহুল, সরকারের পক্ষ থেকে এ ব্যয় বহন করা যায় কি না, তাও সরকার ভেবে দেখবে।বিশেষ অতিথির বক্তব্যে ডেনমার্ক দূতাবাসের কাউন্সিলর পার্নিয়েল হোজেসেন বলেন, নারী নির্যাতন সমস্যাটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। এর সমাধানে মনমানসিকতার পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি।‘একসেস টু জাস্টিস ফর ভিকটিমস অব জেন্ডার বেজড ভায়োলেন্স’ শীর্ষক এই মতবিনিময় সভায় পুলিশ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম থাকার ফলে আগের তুলনায় অবস্থার পরিবর্তন ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা কিছুটা সহযোগিতাও পাচ্ছে। তবে নির্যাতনের সংখ্যা কমেনি, তা দিন দিন বাড়ছে। তাই বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো দরকার। এ ছাড়া সরকার ও এনজিওর মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিএনএ ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আখতারুজ্জামান ডিএনএ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এই পরীক্ষা ন্যায়বিচার পাওয়া ত্বরান্বিত করে। ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেসের পরিচালক সৈয়দ আমিরুল ইসলাম বলেন, সরকারের বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রমে অনেক সমস্যা আছে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক তৌহিদা খন্দকার সরকারের আইনি সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমের প্রচারের ওপর গুরুত্ব দেন।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমিন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জেলা-উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে গঠিত কমিটিগুলোকে কার্যকর করে তোলার সুপারিশ করেন।অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, পুলিশের সহকারী মহাপরিদর্শক শাহ আলম প্রমুখ বক্তব্য দেন।