সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ফরম বিতরণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে দ্বিতীয়-নবম শ্রেণীর লিখিত পরীক্ষা এবং ২১ ডিসেম্বর থেকে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।এবারই প্রথম উন্মুক্ত লটারির মাধ্যমে রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। দ্বিতীয়-নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আগের নিয়মেই লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।গত ৮ ডিসেম্বর থেকে মহানগরের সরকারি ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ শুরু হয়। ২৪টি বিদ্যালয়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত আছে ১৩টিতে। এসব বিদ্যালয়কে তিনটি গুচ্ছে ভাগ করা হয়েছে। এসব গুচ্ছে যথাক্রমে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয়-নবম শ্রেণীর লিখিত পরীক্ষা হবে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। উল্লেখ্য, ঢাকার প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত থাকা ১৩টি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে আসন আছে দেড় হাজার। আর ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয়-নবম শ্রেণীতে আসন ছয় হাজার ৫১টি। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীতে ৪০৮টি, তৃতীয় শ্রেণীতে এক হাজার ৪১৮টি, চতুর্থ শ্রেণীতে ৬৬২টি, পঞ্চম শ্রেণীতে ৪৮২টি, ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৭১৯টি, সপ্তম শ্রেণীতে ৩৭১টি, অষ্টম শ্রেণীতে ৩৯৫টি ও নবম শ্রেণীতে ৫৯৬টি আসন খালি আছে।