সরকারি শিশু পুষ্টিকেন্দ্রটির উন্নতি দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা পেশায় চিকিৎসক। সন্তানকে খাওয়াচ্ছেন, কিন্তু ওজন বাড়ছে না। এই কেন্দ্রে এলে শিশুকে বুকের দুধ খাওয়াতে বললাম। দেখলাম, বুকে শিশুকে কীভাবে ধরতে হয় তা-ই জানেন না এই মা। মাকে আমরা শিখিয়ে দিলাম। নির্দিষ্ট দিনে যখন তিনি আবার এলেন, দেখা গেল সন্তানের ওজন বেড়েছে। মায়ের মুখেও হাসি।’নিজের এই অভিজ্ঞতা প্রথম আলোর কাছে বর্ণনা করেন মহাখালীর শিশু পুষ্টিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সারা খানম। পুষ্টিকেন্দ্রটি পরিচালনা করে সরকারের জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠান (আইপিএইচএন)। রাজধানীতে সরকারি খরচে এ রকম কেন্দ্র একটিই আছে। তবে অনেক মানুষই কেন্দ্রটি সম্পর্কে কিছুই জানেন না। এক থেকে পাঁচ বছর বয়সী শিশু ও তাদের মায়েদের পুষ্টি নিশ্চিত করতে আইপিএইচএনের তত্ত্বাবধানে সারা দেশে এ রকম ২০টি শিশু পুষ্টিকেন্দ্র আছে। মহাখালীর কেন্দ্রটি আইপিএইচএনের প্রধান কার্যালয়ে। এই কেন্দ্রে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করার ব্যবস্থা আছে। এখানে শিশুদের পুষ্টি পরিস্থিতি মাপা ও শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণ (গ্রোথ মনিটরিং) করা হয়। শিশুর খাবার তৈরির পদ্ধতিও মায়েদের শিখিয়ে দেওয়া হয়।গত সপ্তাহে এই কেন্দ্রে দিনমজুর মো. মোশাররফ হোসেন তাঁর তিন বছর বয়সী ছেলে আল-আরাফাতকে এনেছিলেন। আরাফাত ছয় মাস ধরে পেটের সমস্যায় ভুগছে। কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শিকা অমলা সুষমা রোজারিও শিশুটির উচ্চতা ও ওজন মাপলেন এবং বাহুর মাপ নিলেন। পুষ্টিবিদ ফারখুন্দা আক্তার বললেন, বয়সের তুলনায় আরাফাতের বাহু সরু ও উচ্চতা কম। সে মাঝারি মাত্রার অপুষ্টির শিকার। কর্মকর্তারা জানালেন, এই কেন্দ্রে শিক্ষিত মায়েরা সন্তানের অপুষ্টির মাত্রা জানতে আর বস্তির মায়েরা সন্তানের চিকিৎসার জন্য আসেন। প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা পারভীন চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন্দ্রটি বেশ কয়েক বছর বন্ধ ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর ২০০৭ সালের শুরুতে কার্যক্রম আবার শুরু করেন। কার্যক্রমে কিছু সমস্যা রয়েছে। কেন্দ্রটি সম্পর্কে অনেকই জানেন না। এটির প্রচার হলে অনেকেই সেবা নিতে আসবেন বলে তিনি মনে করেন। কেন্দ্রে একজন দক্ষ প্যাথলজিস্ট বা রোগবিদ দরকার। ভবনটিরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন ফাতেমা পারভীন।কেন্দ্রে একসময় শিশুদের রান্না করা খাবার খাওয়ানো হতো। কেন্দ্রে এক বেলা ভালো খেয়ে সারা দিন আর কিছু না খেলে শিশুর কোনো লাভ হয় না। তাই খাবার দেওয়া বন্ধ আছে। তবে মায়েদের সচেতনতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফাতিমা পারভীন বলেন, ব্যস্ততার জন্য মায়েরা শিশুকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করতে পারেন না। আবার কাজে যেতে হয় বলে অনেক মা সন্তানকে কেন্দ্রে আনেন না। এখানে সেবা নিতে আসা শিশুদের জন্য দিবাযত্নকেন্দ্র, ব্রেস্টফিডিং কর্নার প্রতিষ্ঠা করার পাশাপাশি কেন্দ্রটিকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলা প্রয়োজন।২০০৯ সালের জুন মাস থেকে ২০১০ সালের মে পর্যন্ত কেন্দ্রে সেবা নিয়েছেন তিন হাজার ৪৫৭ জন। এর মধ্যে পুনরায় (ফলোআপে) এসেছেন এক হাজার ৩৫৪ জন। এই এক বছরে এক থেকে পাঁচ বছর বয়সী ৪২৮ জন শিশু এসেছে। এদের মধ্যে তীব্র অপুষ্টির শিকার ছিল ১২টি শিশু। মাঝারি ও স্বল্প মাত্রার অপুষ্টির শিকার ছিল যথাক্রমে ১৬৫ ও ১৯৯ জন। কর্মরতরা বলেন, স্বল্প মাত্রায় অপুষ্টির শিকার শিশুদের দিকে যথাযথ নজর না দিলে পরবর্তী সময়ে তারা তীব্র অপুষ্টিতে পড়ে।