এক পাশে সম্প্রসারণের কাজ চলছে। অন্য পাশে খোঁড়া হচ্ছে নালা। খোলা জায়গায় ফেলে রাখা হয়েছে বালু ও সুরকি। রাস্তায় ধুলাবালুর স্তর। তা যানবাহন গেলেই বাতাসে উড়ছে। সঙ্গে গাড়ির কালো ধোঁয়া তো রয়েছেই।
এ চিত্র ঢাকার আগারগাঁও থেকে শ্যামলী শিশুমেলা পর্যন্ত সড়কের। সড়কটি পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কাছেই। এ সড়ক ধরে প্রতিদিন অধিদপ্তরটির কর্মকর্তা তাঁদের কর্মস্থলে যান। সড়কটিকে কেন্দ্র করে ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল রয়েছে।
ওদিকে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এক কিলোমিটারের মতো দূরে বেগম রোকেয়া সরণি। এ সড়কের আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর সেকশন পর্যন্ত অবস্থা আরও খারাপ। সড়কটিতে ২০১৫ সাল থেকে চলছে মেট্রোরেলের নির্মাণকাজ। সম্প্রতি তালতলা থেকে কাজীপাড়া পর্যন্ত সড়কের একটি পাশ খুঁড়ে পয়োনিষ্কাষণের নালা তৈরি করা হচ্ছে।
সড়কটিতে গিয়ে গতকাল বুধবার দেখা যায়, একের পর এক বাস যাচ্ছে আর ধুলা যেন ঝড়ের মতো করে উড়ছে। দুই পাশের ভবন ও দোকানে ধুলার আস্তর। গাছ দু–একটি আছে, তবে পাতার ওপর ধুলার কারণে সবুজ রং আর দেখা যায় না।
অথচ ২০২০ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে যে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন, তার মধ্যে নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পানি ছিটানো এবং খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে দরপত্রের শর্ত মানার বিষয়গুলো ছিল। কিন্তু দেখা যাচ্ছে, পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ঠিক কাছেই নির্দেশনাগুলো মানা হচ্ছে না।
অবশ্য শুধু মিরপুর বা শেরেবাংলা নগর এলাকা নয়, তেজগাঁও, ঢাকা-গাজীপুর সড়ক, পূর্বাচল সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধসহ রাজধানীজুড়েই নির্মাণকাজের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। খোলা অবস্থায় যেমন নির্মাণসামগ্রী পরিবহন করা হয়, তেমনি রাস্তার পাশে সুরকি ও বালু ফেলে রাখা হয় উন্মুক্ত। ঢাকায় চলে কালো ধোঁয়া ছড়ানো পুরোনো যানবাহন। ইটভাটার পুরোনো সমস্যা তো রয়েছেই।
সব মিলিয়ে ২০২০ সালের মতো ২০২১ সালেও সুইজারল্যান্ডের দূষণরোধকারী প্রযুক্তি সেবাদাতা সংস্থা আইকিউএয়ারের ‘বিশ্ব বায়ুমান প্রতিবেদন-২০২১’ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থানে কোনো নড়চড় হয়নি। প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের বায়ু বিশ্বে সবচেয়ে দূষিত। আর রাজধানী শহরের মধ্যে ভারতের দিল্লির পর দ্বিতীয় অবস্থানে ঢাকা। এরপর রয়েছে আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনা, তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং ওমানের রাজধানী মাসকাট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দূষণের শীর্ষে থাকা অন্য রাজধানী শহরগুলোর ক্ষেত্রে প্রাকৃতিক বিষয়সহ নানান কারণ রয়েছে। বাংলাদেশের রাজধানীর ক্ষেত্রে মূল কারণ সরকারি সংস্থাগুলোর অবহেলা, গাফিলতি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণটি সরকারের অগ্রাধিকারে না থাকা।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের শহরগুলোর বায়ুদূষণের প্রধান উৎস মরুভূমি থেকে ভেসে আসা ধুলাঝড়। মূলত শুষ্ক মৌসুমে ওই ধুলাঝড় আরব দেশগুলো দিয়ে বয়ে যায়। ফলে ওমান, বাহরাইন, ইরাক, পাকিস্তানের শহরগুলো দূষিত বায়ুর শহরের শীর্ষ ১০-এ বেশি স্থান পায়। দিল্লির ক্ষেত্রে সমস্যাটি ভিন্ন। দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসল কাটার পর কৃষকেরা খড় পুড়িয়ে দেন, যা শহরটির বায়ুদূষণ তীব্র করে।
ঢাকার ক্ষেত্রে শহরের আশপাশের ইটভাটার যে সমস্যা ছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বড় সমস্যা দেখা দিয়েছে অভ্যন্তরীণ উৎসের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বায়ুমান গবেষণা কেন্দ্রের হিসাবে, ধুলা ও ধোঁয়া ঢাকার বায়ুদূষণের ক্ষেত্রে ৫০ শতাংশ ভূমিকা রাখে। এ ধুলার বড় উৎস অব্যবস্থাপনার মধ্য দিয়ে নির্মাণকাজ, পুরোনো যানবাহনের দূষিত বায়ু। আর ৪০ শতাংশ দূষণের উৎস খড়, কাঠ, তুষের মতো জৈব বস্তুর ধোঁয়া ও সূক্ষ্ম বস্তুকণা। ধারাবাহিকভাবে ঢাকার দূষণে ধোঁয়া ও ধুলার অবদান বাড়ছে। ঢাকায় বিভিন্ন জায়গায় ময়লা পুড়িয়ে দেওয়ার কারণে দূষণ বাড়ে বলেও গবেষণায় উঠে এসেছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার প্রথম আলোকে বলেন, বায়ুদূষণ রোধে সরকারি সংস্থাগুলো ঠিকমতো কাজ করলে দূষণ অর্ধেকের বেশি কমানো যেত। আগে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস ছিল ইটভাটা। এখন নির্মাণকাজের ধুলা ও যানবাহনের ধোঁয়া সেই জায়গা নিয়েছে। এটাই প্রমাণ করে যে ওই উৎসগুলো নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো ন্যূনতম উদ্যোগও নিচ্ছে না।
দায়ী কি উন্নয়নকাজ
বায়ুদূষণ নিয়ে প্রশ্ন করা হলেই সরকারি সংস্থাগুলো নগরজুড়ে চলা উন্নয়নকাজকে দায়ী করে। তাদের বক্তব্য হলো, অবকাঠামো উন্নয়নের জন্য এ অসুবিধাটুকু মানুষকে মেনে নিতে হবে।
যেমন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘যেসব এলাকায় বায়ুদূষণ বেশি, সেখানে উন্নয়নকাজ বেশি হচ্ছে। অবকাঠামো নির্মাণ, মেরামতসহ এসব কাজে ধুলা বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা বসে নেই। ধুলাদূষণ বন্ধে আমরা রাস্তায় পানি ছিটানোর জন্য আলাদা গাড়ি কিনেছি। নিয়মিতভাবে এসব গাড়ি দিয়ে পানি ছিটানো হচ্ছে।’
অবশ্য মেয়রের দাবিকে আংশিক সঠিক বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, উন্নয়নকাজ হলে ধুলা হবে। কিন্তু সে ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ধুলাবালি নিয়ন্ত্রণ করা যায়। সরকারি প্রকল্পে সেটা হয় না। কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলেও তা লোকদেখানো। যদিও প্রকল্পে ধুলাদূষণের নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দ রাখা হয়।
নগর–পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ধানমন্ডি এলাকায় থাকি। সেখানে কোনো নির্মাণকাজ চলছে না। সেখানেও ধুলা এসে ঘরে ঢুকছে। আমি নিজেও কাশিসহ নানা সমস্যায় ভুগছি।’ তিনি বলেন, ঢাকার মেট্রোরেল থেকে শুরু করে উড়ালসড়ক—বেশির ভাগ প্রকল্প খুব অদক্ষতার সঙ্গে হচ্ছে। এখানে বেসরকারি খাতের নির্মাণকাজেও বিধি মানা হয় না। সব মিলিয়ে ঢাকা দূষণে শীর্ষে উঠেছে।
কী কী নির্দেশনা দিয়েছিলেন আদালত
২০২০ সালের জানুয়ারিতে একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত থেকে ঢাকার বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে ৯টি নির্দেশনা দেওয়া হয়। যার মধ্যে রয়েছে ঢাকা শহরে মাটি, বালু বা বর্জ্য পরিবহন করা ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা; নির্মাণকাজ চলা এলাকায় মাটি, বালু, সিমেন্ট, পাথর ঢেকে রাখা; সিটি করপোরেশন রাস্তায় নিয়মিত পানি ছিটাবে; রাস্তা, কালভার্ট, কার্পেটিং, খোঁড়াখুঁড়ির কাজে দরপত্রের শর্ত পালন নিশ্চিত করতে হবে; সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও সময়সীমার পরে গাড়ি চলাচল বন্ধ করা; পরিবেশগত সনদ ছাড়া চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা; বিপণিবিতান অথবা দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা ও বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ নেওয়া।
এ নির্দেশনাগুলো দেওয়ার পর ২০২০ সালের নভেম্বরে আদালত তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর ধারাবাহিক অবহেলার কারণে আজ ঢাকা একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। সরকারি সংস্থাগুলো নির্মাণকাজে যেভাবে নিয়ম না মানার উদাহরণ তৈরি করছে, তা দীর্ঘমেয়াদি বায়ুসহ অন্যান্য দূষণ মোকাবিলায় বাধা হয়ে থাকবে।
অধিদপ্তর প্রধানের ‘নো কমেন্টস’
ঢাকায় বায়ুদূষণ রোধে টাকা খরচ হচ্ছে ঠিকই। পরিবেশ অধিদপ্তর বিশ্বব্যাংকের ঋণের টাকায় ‘নির্মল বায়ু ও টেকসই পরিবেশ’ (কেইস) নামের একটি প্রকল্পে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ২২১ কোটি টাকা ব্যয় করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন বলছে, এ অর্থের মধ্যে ১২৩ কোটি টাকা ব্যয় হয়েছে প্রশিক্ষণের নামে কর্মকর্তাদের বিদেশ সফর, পরামর্শক ফি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে। গত জুনে প্রকল্পটি শেষ হয়।
এর আগেও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরে বায়ুমান ব্যবস্থাপনা প্রকল্প (একিউএমপি) নামে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করেছিল। ৮৪ কোটি টাকা ব্যয়ে পরিচালিত ওই প্রকল্প শেষে বিশ্বব্যাংক থেকে এর একটি মূল্যায়ন করা হয়। যেখানে একে মাঝারি মাত্রায় সন্তোষজনক হিসেবে চিহ্নিত করা হয়।
নির্মল বায়ু প্রকল্প বাস্তবায়ন করে কী লাভ হলো, জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। নো কমেন্টস।’
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৩০ কোটি টাকায় ২০টি সড়ক ঝাড়ু দেওয়ার যন্ত্র (রোড সুইপার) কিনে ২০২১ সালের শুরুর দিকে সিটি করপোরেশনগুলোকে দেয়। সেই যন্ত্র অকার্যকর প্রমাণিত হওয়ায় এখন বসিয়ে রাখা হচ্ছে। সিটি করপোরেশন সূত্র জানায়, কাজ কিছুটা করছে পানি ছিটানোর যন্ত্র। দুই সিটিতে এই যন্ত্র আছে মাত্র ২৩টি।
শিশুদের শ্বাস ‘নিতে দিন’
দূষণের দিক দিয়ে ঢাকা গতকালও শীর্ষ শহরের তালিকায় ২ নম্বরেই ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বাতাসে দূষিত অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ যত থাকা উচিত, ঢাকায় গতকাল তার চেয়ে ১৭ থেকে ২০ গুণ বেশি ছিল।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় অধ্যয়ন কেন্দ্র জানায়, ২০২০ সালে ঢাকায় ৪৩৭ টন ধুলা উড়ত। ২০২২ সালে তা বেড়ে ৪৮১ টনে দাঁড়িয়েছে।
চিকিৎসকেরা বলছেন, বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রের রোগ, উচ্চ রক্তচাপসহ ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে। তবে রাজধানীর মায়েরা ভুগতে থাকেন তাঁদের সন্তানদের নিয়ে।
ঢাকার শেওড়াপাড়ার বাসিন্দা উম্মে কুলসুম বলেন, তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী ছেলের রক্তে অ্যালার্জির মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কাশি, ঠান্ডা লেগেই থাকে। তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা যাতে অন্তত কম দূষিত বায়ুতে শ্বাস নিতে পারে, সেই ব্যবস্থা করুন।’