সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান পড়ে যাওয়ার পাশাপাশি এগুলোর ব্যবহার কমে যাচ্ছে। এর ফলে ব্যক্তিমালিকানাধীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের ব্যবহার বাড়ছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা দানকারী দক্ষ ব্যক্তি ও ভালো প্রতিষ্ঠান সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যাচ্ছে। সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) তাদের ‘বাংলাদেশ বাস্তবতা যাচাই প্রতিবেদন-২০০৯’-এ এসব তথ্য দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সিডার পক্ষে নাগরিক সংগঠন স্বাস্থ্য আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন ও কার্যকরী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সেবার মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।আগের বেশ কিছু গবেষণার তথ্যের সঙ্গে দেশের নয়টি এলাকার ২৭টি পরিবারের চার দিনের নিবিড় পর্যবেক্ষণের তথ্য এই প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজকেরা বলেন, দেশের দরিদ্র মানুষের জীবনমানের উন্নতি করার লক্ষ্যে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষণা দলের পক্ষে এনামুল হুদা ও নুরজাহান বেগম প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন। এতে সেবার মান নিয়ন্ত্রণ এবং সরকারি-বেসরকারি অংশীদারি বাড়ানোর সুপারিশ করা হয়। জনসচেতনতা বাড়ানোর কথাও এতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে খরচ অনেক বেশি। রোগনির্ণয় করতে হয় হাসপাতালের বাইরে। ওষুধ ও অন্যান্য জিনিস কিনতে হয় বাইরে থেকে। বিনা মূল্যে যেসব ওষুধ দেওয়া হয়, সেগুলোর সরবরাহ অপর্যাপ্ত ও অনিয়মিত। প্রতিবেদনে বলা হয়েছে, এনজিওগুলোর কর্মসূচিতে মহিলা ও শিশুদের অগ্রাধিকার থাকায় দরিদ্রদের স্বাস্থ্য উপেক্ষিত থেকে যায়। এনজিওদের কর্মীরাও কম যোগ্যতাসম্পন্ন।প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য ও সামাজিক চাপের কারণে শিশু স্কুল থেকে ঝরে পড়ে, এটি ঠিক। ঝরে পড়ার আরেকটি বড় কারণ শিশুদের আকৃষ্ট করার ক্ষেত্রে স্কুলগুলোর ব্যর্থতা। অনুষ্ঠানে প্রতিবেদন ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বক্তব্য উপস্থাপন করেন সিডার আবাসিক পরিচালক স্যামুয়েল এগেরু, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এ এম জাকির হোসেন, স্বাস্থ্য আন্দোলনের সহ-আহ্বায়ক ফরিদা আখতার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক এম এস আকবর।