সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা ফি বণ্টন স্থগিত
সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে চিকিৎসসেবা ও পরীক্ষাবাবদ নেওয়া ফি (ইউজার ফিস) চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সরকারি সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।একই সঙ্গে সরকারি হাসপাতালে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ভবিষ্যতে ওই ফি যাতে বাড়ানো না হয়, সে জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, অর্থসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গতকাল বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।জানা গেছে, সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে ইউজার ফিস আদায়ের লক্ষ্যে গত বছরের ২ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। ওই বছরের ৯ সেপ্টেম্বর ওই ফির হার বাড়ানো হয়। এ বছরের ২২ জুলাই স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ওই ইউজার ফিসের ৫০ শতাংশ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়।অন্তর্বর্তীকালীন আদেশে আদালত স্বাস্থ্য, অর্থ ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ১৫ দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে বলেছেন। ওই কমিটি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নীতিমালা তৈরি এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে যেসব সরঞ্জাম প্রয়োজন, সেগুলোর তালিকা তৈরি করবে। চার সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।