সরকারি হাসপাতালে নেই তথ্য অনুসন্ধান কেন্দ্র
সরকারি হাসপাতালগুলোতে তথ্য অনুসন্ধানকেন্দ্র না থাকায় অনেক দর্শনার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তথ্য জানার জন্য তাঁদেরকে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ঘুরে এই তথ্য পাওয়া গেছে।সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৫৪টি ওয়ার্ড, ৩৬টি বিভাগ ও ১০৮টি কেবিন। অনুমোদিত সিটের সংখ্যা এক হাজার ৭০০। রোগীর সংখ্যা দুই হাজার ১০০। বহির্বিভাগে রোগী আসে দৈনিক সাড়ে তিন হাজারের মতো। জরুরি বিভাগে আসে দৈনিক ৮০০ জনের মতো। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণত এ ধরনের অবকাঠামোসম্পন্ন সরকারি হাসপাতালে তথ্য অনুসন্ধানকেন্দ্র দরকার। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, তথ্য অনুসন্ধানকেন্দ্র রাখার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।সূত্র জানায়, প্রতিদিন আগত দর্শনার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। তাঁরা নির্দিষ্ট রোগীর অবস্থানসহ বিভিন্ন তথ্য জানতে চান।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য অনুসন্ধানের কাজটি আপাতত জরুরি বিভাগের টিকিট কাউন্টার ও নার্সিং স্টেশনের কর্মচারীরা সম্পন্ন করছেন। টিকিট কাউন্টারের কর্মচারীরা বলছেন, তাঁদের ওপর তথ্য অনুসন্ধানের দায়িত্বটি একটি বাড়তি চাপ। তথ্য অনুসন্ধানের কাজ করতে হয় বলে তাঁদের কাজে অনেক বিশৃঙ্খলা হয়। অথচ এখানে পালাভিত্তিক মাত্র দুজন কর্মচারী থাকেন। অনেক সময় একজনকেই কাজ চালিয়ে যেতে হয়। কর্মচারীরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ৭০-৮০ জন বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চান।একই বক্তব্য নার্সিং স্টেশনের কর্মচারীদেরও। তাঁরা জানান, স্টেশনে পালাভিত্তিক দুজন কর্মচারী থাকলেও প্রায় সময়ই একজনকে কাজ চালিয়ে যেতে হয়। রোগী এলে বরণ করা, তাঁদের নাম-পরিচয় লিপিবদ্ধ করাসহ বিভিন্ন সেবামূলক কাজ তাঁরা করে থাকেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ কর্মী আনিসুর রহমান জানান, অনেক সময় অনেক রোগী পালিয়ে গেলে তার পরিচয় বের করতে বেগ পেতে হয়। তথ্য অনুসন্ধানকেন্দ্র গড়ে তুলে ডেটা এন্ট্রির ব্যবস্থা করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একই অবস্থা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালেও। মিটফোর্ড হাসপাতালে ৬০০ শয্যাসংখ্যার বিপরীতে প্রায় ৮০০ রোগী ভর্তি রয়েছে। দর্শনার্থীর সংখ্যা প্রতিদিন সাড়ে তিন হাজারের মতো। বহির্বিভাগে আসে দুই হাজারেরও বেশি রোগী। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরিদুজ্জামান বলেন, তথ্য অনুসন্ধানকেন্দ্রের বিষয়টি আপাতত পরিকল্পনায় নেই। এর জন্য দক্ষ জনবল দরকার, যা হাসপাতাল কর্তৃপক্ষের নেই। তবে সরকারের মাধ্যমে আদিষ্ট হলে তথ্য অনুসন্ধানকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।সূত্র জানায়, সলিমুল্লাহ মেডিকেলে তথ্য অনুসন্ধানের কাজটি আপাতত চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের টিকিট কাউন্টারের কর্মচারীরা। তাঁরা জানান, এই হাসপাতালে প্রতিদিন ৫০-৬০ জন বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চান।