সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ফি বাতিলের দাবি
সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ফি বাতিল, সব চিকিৎসা বিনা মূল্যে করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে চারটি নাগরিক সংগঠন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনের প্রতিনিধিরা এ দাবি জানান। আয়োজকদের অন্য তিনটি দাবি হচ্ছে: সরকারি হাসপাতালে রোগীদের সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসার সেবা নিশ্চিত করা, বিশেষজ্ঞ চিকিৎসার জন্য ফি না নেওয়া এবং স্বাস্থ্যসেবা বাণিজ্যিকীকরণ না করা।সভায় বক্তরা বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে সরকারি হাসপাতালগুলোর পরীক্ষা-নিরীক্ষার ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে। সেখান থেকে আদায়কৃত টাকা চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বণ্টন করা হচ্ছে। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।স্বাস্থ্য আন্দোলন, ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ চিকিৎসক সংসদ ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট—এই চারটি নাগরিক সংগঠন গতকালের এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ ই মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের শিক্ষক আ ব ম ফারুক, নারীনেত্রী ফরিদা আখতার প্রমুখ।