সরকারিভাবে বাড়ি ভাড়া নির্ধারণ করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ বছরে রাজধানীর বাড়িওয়ালাদের ওপর আয়কর বাড়ায়নি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। অথচ, এই সময়ে রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে প্রায় ২৫০ গুণ। লাগামহীনভাবে বাড়িভাড়া বাড়ার কারণে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেছে জাতীয় নাগরিক সমাজ নামের একটি সংগঠন।মানববন্ধনে বাড়িভাড়া নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ এবং এ বিষয়ে একটি আইন প্রণয়নের দাবিও জানিয়েছে সংগঠনটি।এতে বক্তারা বলেন, রাজধানীর বেশির ভাগ মানুষের নিজের বাড়ি না থাকায় তাদের ভাড়া করা বাসায় থাকতে হয়। কিন্তু বাড়িওলারা নিয়মনীতির তোয়াক্কা না করে বছরে বছরে বাড়িভাড়া বাড়াচ্ছেন। কথায় কথায় বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া বাড়িওয়ালাদের স্বভাবে পরিণত হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তবে বিকল্প না থাকায় সবকিছু মুখ বুজে সহ্য করে বেশি ভাড়াতেই ভাড়াটিয়াদের থাকতে হচ্ছে।মানববন্ধনে জাতীয় নাগরিক সমাজের পক্ষ থেকে ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি, প্রতি বর্গফুট অনুযায়ী বাড়িভাড়া প্রদান, বাড়িভাড়ার রসিদ দেওয়া, ভাড়াটিয়াদের কাছ থেকে এক মাসের বেশি অগ্রিম না নেওয়া এবং বিনা অজুহাতে ভাড়া না বাড়ানোর দাবি জানানো হয়।এদিকে, এক বিবৃতিতে ঢাকা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আলী আহমেদ ও মহাসচিব সাহিদ সিরাজী রাজধানীসহ সারা দেশে বাড়িভাড়া নির্ধারণ এবং বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছেন।