সরকারের আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের আইনি সহায়তা কার্যক্রমের বিষয়ে জনগণকে জানাতে আরও প্রচার চালানোর ওপর জোর দিয়েছেন এই বিষয়ক একটি অনুষ্ঠানের আলোচকেরা। তাঁরা বলেছেন, এ বিষয়ে না জানাটাই হচ্ছে এর বড় প্রতিবন্ধকতা। এ ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে। বিচারপূর্ব, বিচার চলাকালে ও বিচার-পরবর্তী পর্যায়ে দুস্থদের আইনগত পরামর্শ দেওয়া যেতে পারে। এ ছাড়া বিলবোর্ড স্থাপনসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। জেলা পর্যায়ে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের উদ্যোগে ‘দেওয়ানি কার্যবিধি সংশোধন ও সরকারি আইনগত সহায়তা কার্যক্রম’ বিষয়ক এক অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে, প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা প্রদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মূল দায়িত্ব বিচারক ও আইনজীবীদের। এই কর্মসূচির সফল বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের দরদি মন থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সরকারি খরচে আইনগত সহায়তার বিষয়টি কার্যকর করতে হলে প্রচার অবশ্যই করতে হবে। তবে যত প্রচারই করা হোক না কেন, এটি কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আইনজীবী ও বিচারকেরা আন্তরিক না হবেন। আইনজীবীরা যদি সৎ না হন, তাঁদের বিনা খরচে মামলা পরিচালনার জন্য ফি বাড়িয়েও কোনো লাভ হবে না। তাই প্যানেল আইনজীবী নির্বাচনে জেলা কমিটিকে বেশি সচেতন হতে হবে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার ভারপ্রাপ্ত সচিব সহিদুল করিমের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানে আইনগত সহায়তা-বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে যুগ্ম সচিব সালমা বিনতে কাদের, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম, ঢাকার জেলা জজ মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন জেলা থেকে আসা বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেওয়ানি কার্যবিধি সংশোধনের ওপর মতামত নেওয়া হয়। আলোচকেরা দেওয়ানি কার্যবিধি সংশোধনের বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।