সরকারের জন্য ২০১২ সাল পরীক্ষার বছর: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারের জন্য ২০১২ সাল হলো পরীক্ষার বছর। এই বছরের মধ্যেই দিনবদলের কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন। বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।ড. কামাল হোসেন বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দিনবদলের লক্ষ্যে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। ঐতিহাসিক বিজয়ের তিন বছর পার হয়েছে, হাতে সময় কম। তাই এই বিজয় ধরে রাখার জন্য রাজনৈতিক ঐক্য দরকার। ওসমানী সম্পর্কে ড. কামাল বলেন, তাঁর কোনো অর্থের লোভ ছিল না, ক্ষমতার স্বপ্ন ছিল না।অনুষ্ঠানে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংসদে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা বিরোধী দলকে ল্যাংড়া, লুলা হিসেবে নয়, সুস্থ ও সবল সাংবিধানিক বিরোধী দল হিসেবে দেখতে চাই।’ ওসমানী সম্পর্কে রেলমন্ত্রী বলেন, একজন সৈনিক হয়ে আজীবন মানুষের জন্য লড়াই করে গেছেন। ড. কামালের বক্তব্য সমর্থন করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আসলেই ২০১২ সাল হবে কাজের বছর।সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, ওসমানীর যে সম্মান পাওয়ার কথা ছিল, বাংলাদেশ তাঁকে সেই সম্মান দেয়নি।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘আজ আমরাই উৎকণ্ঠায় আছি। সহনশীলতা ক্রমশ সংকুচিত হতে দেখছি। সহনশীল পরিবেশে গণতান্ত্রিক-প্রক্রিয়া সুসংহত করা সম্ভব না হলে জাতি আরও ক্ষতিগ্রস্ত হবে।’ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বেসরকারিকরণ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, ওসমানী পরিষদের উপদেষ্টা এম আজিজুর রহমান, মৃত্যুবার্ষিকী পালন কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদুল মুক্তাদির প্রমুখ।