‘ঋণ করে, অনাহারে থেকে আলু চাষ করলাম; অথচ জায়গার অভাবে সেই আলু সংরক্ষণ করতে পারছি না। চোখের সামনে পরিশ্রমের ফসল পচে যাচ্ছে।’গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষি মত কৃষক শুনানি ‘কৃষকের মুখে শুনুন তাঁর জীবনসংগ্রামের কথা’ শীর্ষক আলোচনা সভায় মুন্সিগঞ্জের আলুচাষি মো. আইয়ূব আলী এসব কথা বলেন।নাগরিক সংহতি, কর্মজীবী নারী ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান নামের তিনটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।কৃষক শুনানিতে ঝিনাইদহের মহেস্বর পাশার সবজিচাষি হেলাল উদ্দিন বলেন, সরকার কৃষির উন্নয়নে নানা ইতিবাচক উদ্যোগ নিলেও তা কৃষকের কাছে পৌঁছাচ্ছে না। সরকারের দেওয়া এসব সুযোগ-সুবিধা নিচ্ছে এক শ্রেণীর আমলা ও স্থানীয় রাজনীতিবিদেরা।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবছর জাতীয় বাজেটের আকার বাড়লেও কৃষি খাতে বরাদ্দের পরিমাণ কমছে। বর্তমান সরকারের প্রথম বছরের বাজেটের তুলনায় দ্বিতীয় বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতীকুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। এ সময় কৃষকদের বক্তব্য শোনেন সাংসদ মতিউর রহমান, শাহরিয়ার আলম, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফুজ্জামান, সার্ক কৃষি গবেষণা কেন্দ্রের নিয়াজ পাশা প্রমুখ। বিজ্ঞপ্তি।