সরকারের রাজনৈতিক ইচ্ছাপূরণের বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রস্তাবিত বাজেটকে রাজনৈতিক ইচ্ছাপূরণের বাজেট বলে আখ্যায়িত করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তবে নারী উন্নয়ন এবং দলিতদের জন্য বরাদ্দ রাখায় কয়েকটি সংগঠন এর প্রশংসা করেছে। বিভিন্ন দল ও সংগঠন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিক্রিয়া জানিয়েছে।প্রস্তাবিত বাজেটকে আগের বাজেটের রকমফের বলে উল্লেখ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তারা বলেছে, বাজেটে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ছাড়া আশা জাগানোর মতো কিছু নেই। আশান্বিত হতে পারেনি উপেক্ষিত মানুষ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে গৃহীত যেসব ব্যবস্থা অর্থনীতিকে নাজুক পরিস্থিতিতে নিয়ে গেছে, সেগুলোকে উৎসাহিত করা হয়েছে। সামাজিক নিরাপত্তা, শ্রমিকের মজুরি কমিশনের বাস্তবায়ন, দরিদ্র ব্যক্তিদের জন্য রেশনিং ব্যবস্থা, ইউরিয়া সারের দাম কমানো, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের বিষয় বাজেটে উপেক্ষিত হয়েছে।জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় কৃষক লীগের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠী কৃষিনির্ভর। অথচ সরকার কৃষির ওপর ভর্তুকি না বাড়িয়ে বরং কমিয়েছে। এতে দেশের কৃষি খাত ক্ষতিগ্রস্ত হবে। তারা কৃষিতে ভর্তুকি বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানায়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জানিয়েছে, ঘোষিত বাজেটে শ্রমিকের স্বার্থরক্ষা করা হয়নি। বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি কালোটাকার এক-চতুর্থাংশ বাজেয়াপ্ত করে বাজেটের ঘাটতি পূরণের দাবি জানিয়েছে। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) জানিয়েছে, প্রস্তাবিত বাজেট লুটপাট, রাজনৈতিক ইচ্ছাপূরণের জন্য ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সরকারি কর্মচারীদের জন্য বাজেটে ৬০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম) বেসরকারি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দাবি করে সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখার দাবি জানায়।প্রগতিশীল গণতান্ত্রিক দল জানিয়েছে, প্রস্তাবিত বাজেট গতানুগতিক। এ নিয়ে পর্যালোচনার কিছু নেই। সরকার তার রাজনৈতিক প্রয়োজনে জনগণকে আশ্বস্ত করার জন্য এই বাজেট ঘোষণা করেছে। বাস্তবতার বিচারে এতে কালোটাকার মালিক এবং অভিজাত ব্যক্তিরা লাভবান হবে। জাতীয় গণতান্ত্রিক লীগ জানিয়েছে, নদীভাঙন রোধ, ভূমি সংস্কার, ভূমির আধুনিকায়ন ও জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য বাজেটে কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ বিপ্লবী কৃষক সংহতি জানিয়েছে, প্রস্তাবিত বাজেট শহরকেন্দ্রিক। এতে ধনী-গরিব এবং গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য আরও বাড়বে। এই বাজেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ হবে।তবে বাজেটে নারীদের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন। দলিতদের জন্য বরাদ্দ রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন। মাতৃত্বকালীন ভাতা বাড়ানোয় সরকারকে অভিনন্দন জানিয়েছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পাওয়ার।