‘সরকারের সিস্টেমটাই সিস্টেম লস করে দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহন কম থাকায় অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে রাস্তায়।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। লকডাউনের মধ্যেও সড়কে বাস ছাড়া মোটামুটি সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, এমনকি পিকআপ ভ্যানেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। তবে বাস না থাকায় ভোগান্তিতে পড়তে দেখা যায় অফিসগামী যাত্রীদের। সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট অংশের জাতীয় সংসদ ভবনের সামনে, ফার্মগেটে অনেককেই রাস্তায় দীর্ঘ সময় ধরে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধের মোড়ে আধা ঘণ্টা ধরে দাঁড়িয়েছিলেন স্মৃতি মারিয়া সরকার। পল্টনের একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন তিনি। কোনো সিএনজিচালিত অটোরিকশা পেলেই দৌড়ে যাচ্ছিলেন। দরদাম করছিলেন মোটরসাইকেলচালকদের সঙ্গেও। প্রথম আলোকে স্মৃতি মারিয়া বলেন, ‘সিএনজিগুলো স্বাভাবিক সময়ে ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যেই পল্টনে যায়। আজ তিন গুণ বেশি ভাড়া চাচ্ছে। সরকারের সিস্টেমটাই (লকডাউন) সিস্টেম লস করে দিয়েছে।’

স্মৃতি মারিয়া বলেন, ‘অভিবাসী কর্মীদের কিছু ফ্লাইট আছে সামনে। তাঁদের হোটেল বুকিং দেওয়া, আনুষঙ্গিক কাজসহ অনেক কাজ বাকি আছে। অফিস না গিয়ে উপায় নেই। কিন্তু এভাবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেড়েছে ভোগান্তি। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।’

ফার্মগেট মোড়ে স্বামী–সন্তানসহ দাঁড়িয়েছিলেন সুমি আক্তার। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসক দেখিয়ে চিটাগং রোডে বাড়িতে ফিরছিলেন। তবে অনেকক্ষণ অপেক্ষা করেও পাননি যানবাহন। একেকটি সিএনজিচালিত অটোরিকশা আসছে আর দৌড়ে গিয়ে দরদাম করছেন। তবে বাড়তি ভাড়া চাওয়ায় নিতে পারছেন না।

প্রথম আলোকে সুমি আক্তার বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে ডাক্তার দেখাইছি গতকাল। রাতে মা–বাবার বাসায় ছিলাম। সবাই বলল, বৃহস্পতিবার থেকে গাড়ি চলা বন্ধ থাকবে। তাই তাড়াতাড়ি ডাক্তার দেখাইতে আসছিলাম।’

পাশেই ছিলেন মোটরসাইকেলচালক আল আমিন। যাত্রী খুঁজছিলেন। তিনি বলেন, ‘চাকরি-ব্যবসা করি না। জমানো টাকাও নেই। বাইক চালিয়ে সামান্য যা আয় হয়, সেটা দিয়েই সংসার চলে। এত বেশি আয় নেই যে বাইক চালানো বন্ধ রেখে ঘরে বসে খাব। না খেয়ে মরতে রাজি নই আমি।’

সীমিত পরিসরে লকডাউনের মধ্যেও আজ সকাল সাড়ে ১০টায় তীব্র যানজট ছিল ফার্মগেট থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে। দীর্ঘ সময় ধরে সড়কে ঠায় দাঁড়িয়ে ছিল সারি সারি গাড়ি। তবে ছিল না গণপরিবহন। সড়ক ছিল ব্যক্তিগত গাড়ির দখলে।

ফার্মগেটের সড়কে দায়িত্ব পালন করছিলেন পুলিশ পরিদর্শক (ট্রাফিক, তেজগাঁও) আলতাফ হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘চালকের সঙ্গে এক-দুজন আরোহী নিয়ে ব্যক্তিগত গাড়ি চলতে দিচ্ছি। তবে মোটরসাইকেলে একজনের বেশি চলতে দেওয়া হচ্ছে না। সড়কে বাস না থাকলেও অন্যান্য সব যানবাহন চলছে।’