‘এই আমের দোকানটিই আমাদের খাইছে। কিন্তু দ্যাখেন, এইটা ঠিকই আছে।’ গতকাল রোববার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত যখন ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন, চিৎকার করে কথাগুলো বলছিলেন উচ্ছেদের শিকার একজন দোকানি।বিকেল তিনটার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে গতকাল উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রথমে নীলক্ষেতের নিউমার্কেট মোড়ে রাস্তার সড়কদ্বীপে তৈরি করা একটি ‘আমের মেলা’ ভাঙতে আসেন কর্মীরা। পাশে ছিল বুলডোজার। শামিয়ানা টানানো স্টলটির দু-তিনটি বাঁশ খোলার পর কয়েকজন এসে বলেন, ‘ডেকোরেটরের জিনিস নষ্ট কইরেন না, আমরাই খুলে নিচ্ছি।’ এ সময় বৃষ্টি নামলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক ও কিছু পথচারী ওই শামিয়ানার নিচে অবস্থান নেন। বৃষ্টি থামলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন নিউমার্কেটের ১ নম্বর ফটকে যান। সেখান থেকে উচ্ছেদ অভিযান শুরু করে নিউমার্কেটের ২ ও ৪ নম্বর ফটক হয়ে রাস্তার পশ্চিম পাশ ধরে চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা কলেজ হয়ে সায়েন্স ল্যাবরেটরির ফুটওভারব্রিজ পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। এর আগে সিটি করপোরেশনের একজন কর্মী ফুটপাত থেকে দোকান সরিয়ে ফেলতে নির্দেশ দেন মাইকে। কিন্তু দোকানিদের কেউ কেউ মালামাল গোছালেও অনেকে ছিলেন নির্বিকার।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের আশপাশের ফুটপাতে বসা মৃৎশিল্পের ও কয়েকটি নার্সারি দোকানের চারাগাছ তছনছ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এলিফ্যান্ট রোড হয়ে কাঁটাবনের দিকে যান। এ এলাকায় ফুটপাত পরিষ্কার থাকায় কোনো কিছু উচ্ছেদ করতে হয়নি। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে।বিকেল সাড়ে পাঁচটার দিকে নিউমার্কেট মোড়ে গিয়ে দেখা যায়, আমের স্টলটি আগের অবস্থায় পড়ে আছে। জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওরা কথা দিয়েছে, খুলে নিয়ে যাবে। কাল থেকে বসবে না। আর বৃষ্টি না নামলে আমরাই ভেঙে ফেলতাম।’উচ্ছেদের শিকার ওই দোকানি দাবি করেন, ‘তাপসের (স্থানীয় আওয়ামী লীগ সাংসদ) নাম বিক্রি করে ক্ষমতাসীন দলের কিছু লোক আমের মেলা বসিয়েছে।’ এর আগে গত কয়েক দিনে উচ্ছেদ চালানো হয় গুলিস্তান, জিপিও, বায়তুল মোকাররম ও মতিঝিল এলাকায়। গতকাল ওই সব এলাকায় গিয়ে দেখা যায়, আগের মতোই দোকানিরা ফুটপাত দখল করে বসেছেন।দৃষ্টি আকর্ষণ করলে ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন বলেন, ‘উচ্ছেদ অভিযানের পর ডিসিসির পাশাপাশি থানার পুলিশকেও বিষয়টি তদারকি করা দরকার। নইলে এই অভিযানের কার্যকারিতা রক্ষা করা যাবে না।’ এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন গতকাল গুলশান এভিনিউ, গুলশানের ৬৩, ৬৮ ও ৭০ নম্বর সড়কে অভিযান চালায়। এ ছাড়া রাজধানীর ইন্দিরা রোড ও সংসদ ভবনের পূর্ব পাশে খেজুর বাগান এলাকায় অভিযান চালায় ডিসিসির আরেকটি দল।জানতে চাইলে ডিসিসি উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বীপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘গুলশান এলাকার অভিযানে ফুটপাতের দোকান ছাড়াও রাজনৈতিক দলের নেতাদের নামে লাগানো ব্যানার ও ফেস্টুনও উচ্ছেদ করা হয়েছে।’রাজনৈতিক সংগঠনের কার্যালয় উচ্ছেদ হয়নি: ২ জুলাই রাজধানীর যানজট নিরসনসংক্রান্ত এক বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফুটপাত ও সরকারি জায়গা দখল করে তৈরি করা রাজনৈতিক সংগঠনের কার্যালয় সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় দেন। এ সময় ফুটপাত ও সড়কে টানানো ব্যানার, ফেস্টুন ও তোরণ উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশের পর ডিসিসির গত ছয় দিনের অভিযানে রাজধানীর কোথাও কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয় বা তোরণ উচ্ছেদ করার খবর পাওয়া যায়নি।