সরু গলিতে বড় হল 'মুক্তি'

বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে দীপন নন্দী গতকাল শুক্রবার সকাল ১০টায় এসেছিলেন রায়েরবাজারে মুক্তি সিনেমা হলে। প্রিয় নায়িকা পরীমনির নতুন ছবি ইনোসেন্ট লাভ মুক্তি পেয়েছে এখানে। ছুটি মেলেনি বলে ঠিক করেছেন সকালে ছবিটা দেখে দুপুরের পর অফিসের কাজ করবেন। তবে দীপনের আফসোস, মুক্তি সিনেমা হলে নতুন ছবিটি মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু সকালে শো বাতিল হয়েছে। মন ভার করে হলের ভেতর থাকা পুরোনো ছবির পোস্টার দেখছিলেন।
টিকিট কাউন্টারে বসে থাকা আবদুল জব্বারের মনটা আরও খারাপ। শুক্রবার ‘মর্নিং শো’ চালানোর প্রস্তুতি নিয়ে এসেছিলেন ঠিকই, দর্শক খুব একটা আসেনি বলে আর সাহসে কুলায়নি।
কয়েক বছর আগেও এই মুক্তি সিনেমা হলে যে ছবিই মুক্তি পেত, উপচে পড়ত দর্শক। সব ধরনের ছবি দেখতেই মানুষ আসত। নানা বয়সের, নানা শ্রেণির, পেশার মানুষ দর্শক হয়ে আসত এখানে। মানুষ আসত মোহাম্মদপুর, হাজারীবাগ, লালবাগ, কামরাঙ্গীরচর, জিগাতলা, চকবাজার থেকে। নদী পেরিয়ে কেরানীগঞ্জ থেকেও আসত লোকে। আসত ট্যানারি এলাকার ছোট-বড় শিল্পকারখানার কর্মীরা।
জিগাতলা থেকে ভেতরে এগোলে রায়েরবাজারের মুখে রাস্তাটা তুলনামূলকভাবে সরু। এই ছোট রাস্তায় বিশাল স্থাপনা মুক্তি। এলাকায় এই সিনেমা হলের নামেই লোকে জায়গাটা চেনে।
১৯৮২ সালে জানুয়ারি মাসে যাত্রা শুরু করেছিল মুক্তি। রাজ্জাক, শাবানা, জাফর ইকবাল অভিনীত দিলীপ বিশ্বাস পরিচালিত অংশীদার ছিল মুক্তির পর্দায় স্থান পাওয়া প্রথম ছবি। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো. শহীদুল্লাহ শহীদ তখন থেকেই জড়িত ছিলেন মুক্তির সঙ্গে। উদ্বোধনের তারিখটা মনে নেই তাঁর। তবে পরিষ্কার মনে আছে, সেদিন পরিচালক দিলীপ বিশ্বাসসহ অনেকেই এসেছিলেন। উদ্বোধনের দিন থেকে দারুণ সাড়া পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মেকাব খানের পারিবারিক জায়গায় গড়ে উঠেছিল মুক্তি। ২৪ কাঠা জায়গার ওপর প্রতিষ্ঠানটির চালুর উদ্যোগ নিয়েছিলেন তাঁর বড় ছেলে মিয়া চান খান। মেয়ে মুক্তির নামের সঙ্গে মিলিয়ে হলের নাম দিয়েছিলেন। তিনি ছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হলটির মালিকানায় আরও আছেন ইদ্রিস খান, কাদের খান, নাদির খান, সাদেক খান, বাসেক খান এবং তাহের খান।
শুরুতে ৩০ জন কর্মী নিয়ে চালু হয়েছিল মুক্তি। এখন আছেন ১৫ জন। সবাই পুরোনো। বুকিং ক্লার্ক আবদুর রউফ, সুপারভাইজার আবদুল জব্বার কিংবা পরিচ্ছন্নতাকর্মী আবদুর রহিম-সবারই কর্মজীবনের বড় সময় এখানেই কেটেছে। শুক্রবার তাঁদের সবার সঙ্গে কথা বলে মনে হলো হতাশ সবাই। দর্শকের অভাবে ছবি চালানোর মতো অবস্থা থাকে না। ছবি চালিয়ে খরচ ওঠানোই কঠিন হয়ে পড়ছে। অথচ একটা সময় টিকিট বিক্রির দিক থেকে ঢাকার অভিজাত কিংবা বড় হলগুলোও পিছিয়ে ছিল মুক্তির তুলনায়। হলের মহাব্যবস্থাপক শহীদুল্লাহ শহীদ জানান, শুধু দর্শক নয়, বাংলাদেশের খুব কম চলচ্চিত্র তারকা আছেন, যাঁরা এই হলে আসেননি। সত্য সাহা, নারায়ণ ঘোষ মিতা, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, চিত্রনায়ক রাজ্জাক এ হলে এসেছেন। অকালপ্রয়াত নায়ক মান্না প্রায়ই আসতেন।

ডিসি, রিয়াল এবং স্টল-এই তিন শ্রেণিতে সব মিলিয়ে মোট ৯৩১টি আসন রয়েছে মুক্তিতে। পরিষ্কার-পরিচ্ছন্ন মেঝে, সিঁড়ি। নারী দর্শকের জন্য আলাদা অপেক্ষার জায়গা। সামনের রাস্তা সংকীর্ণ হলেও কাছাকাছি বড় কোনো ভবন না থাকার কারণে বেশ আলো-বাতাসও আছে। সামনে পার্কিং। হলের বাইরে প্রায় তিন পাশে নানা পণ্যের দোকান। সিসি ক্যামেরা আছে। দোতলায় ডিসির সামনে লবি বেশ বড়, যা খুব কম হলে দেখা যায়। এখানে বোর্ডে বেশ কিছু পুরোনো ছবির সাদাকালো স্থিরচিত্র। জহিরুল হকের ছবি ঘরজামাই, এম এ মালেকের জোশ, ইবনে মিজানের বাহাদুর, দেলোয়ার জাহান ঝন্টুর নাগরানী, দেওয়ান নজরুলের ওস্তাদ সাগরেদ, ইশতিয়াকের চন্দ্রলেখা, ফখরুল হাসান বৈরাগীর বিনি সুতার মালার স্থিরচিত্রের প্রতি দর্শকদের আগ্রহ দেখা গেল।
ভবনের বয়সের ছাপ স্পষ্ট, পলেস্তারা খসে পড়তে দেখা গেছে একাধিক জায়গায়। প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার চলচ্চিত্র অভিনেতা নাদির খান বলেন, ‘এখন সিনেমার বাজার খুব মন্দা। আমাদের আগের ব্যবসা থাকলে এত দিনে পুরো এসি সিনেমা করে ফেলতাম।’
নাদির খানের মতে, বাংলাদেশে চলচ্চিত্রের ভবিষ্যৎ আছে, তবে হলের সংস্কৃতি হয়তো থাকবে না। অন্য মাধ্যমে চলে যাবে ছবির প্রদর্শন।
একটা সময় ছবি প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখান নাদির খান। কাকরাইলে রাজেশ ফিল্মস প্রতিষ্ঠা করে নিয়মিত ছবি প্রযোজনা করেন। গরিবের বিচার নাই, আখেরি জবাব, জজ ব্যারিস্টার, পুলিশ কমিশনারসহ বেশ কিছু ব্যবসা সফল ছবি রয়েছে তাদের।
এমনিতেই সিনেমার ব্যবসা মন্দা। তার ওপর হাজারীবাগ এলাকায় ট্যানারি শিল্পকারখানা উঠে গেছে। মুক্তি হলের দর্শকের একটা অংশ কমে গেছে এই শিল্প এলাকাটি উঠে যাওয়ার কারণে। জৌলুশ হারিয়েছে মুক্তি সিনেমা হলটি। হয়তো কোনো একদিন এখানে আর ছবি মুক্তি পাবে না। রয়ে যাবে এলাকার মানুষের স্মৃতি।