পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছরের মধ্যে সেখান থেকে রাসায়নিকের বেশির ভাগ গুদাম সরে গেছে। তবে পুরান ঢাকার অন্যান্য আবাসিক এলাকায় এখনো রয়ে গেছে রাসায়নিকের গুদাম। এতে এসব এলাকায় একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। আর আবাসিক এলাকা থেকে গুদাম সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ-বিরক্ত এলাকাবাসী।
২০১০ সালের ৩ জুন রাতে নিমতলীর নবাব কাটারার ৪৩ নম্বর বাড়ির নিচতলায় রাসায়নিকের দোকানে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। এতে ১২৪ জনের মৃত্যু হয়। দগ্ধ হন কয়েক শ মানুষ। ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন স্থানীয় লোকজন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ৪৩ নম্বর ভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নিমতলীর আশপাশ ও পুরান ঢাকার আবাসিক এলাকাগুলো থেকে প্লাস্টিকের কারখানা ও রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার ব্যাপারে স্থানীয় লোকজন বলছেন, এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
সাত বছর আগে ৩ জুনের অগ্নিকাণ্ডে সাত বছরের শিশুসন্তানকে হারিয়েছিলেন ফল ব্যবসায়ী মো. মামুন মিয়া। ওই ঘটনায় তাঁর মুখের এক দিকসহ শরীরের একাংশ মারাত্মক দগ্ধ হয়। গতকাল কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাঁইচা থাকলে আইজক্যা আমার পোলাডার ১৪ বছর বয়স হইতো। এই বয়সে পোলারা তো বাপের ডাইন হাত হয়।’ এ সময় রাসায়নিকের গুদাম সরানোর প্রশ্নে তিনি বিরক্ত হয়ে বলেন, ‘আরও কয় শ মানুষ মরলেও ওইগুলান (রাসায়নিক গুদাম) সরত না। সাত বছর ধইর্যা এগুলানই শুনতাছি। ভাঁওতাবাজির একটা সীমা আছে।’
এ ব্যাপারে কথা হয় নবাব কাটারার পঞ্চায়েত-প্রধান মো. হুমায়ুন আহমেদ ওরফে গোলার সঙ্গে। তাঁর মতে, পুরান ঢাকার অন্যান্য এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা সরিয়ে না নিলে এমন দুর্ঘটনার আশঙ্কা সব সময়ই থেকে যাবে।
এদিকে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ২১টি পরিবেশবাদী ও সমমনা সংগঠন নিমতলীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
পবার হিসাবে ঢাকা মহানগরে এক হাজারের বেশি রাসায়নিকের কারখানা ও গুদাম রয়েছে। এর মধ্যে সাড়ে আট শর বেশি কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ কোনো কাগজপত্র নেই। আর পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা পরিচালনা কিংবা গুদাম স্থাপনের কোনো সুযোগ নেই।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল প্রমুখ।