সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া জাতির জন্য লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে চেতনায় ভাষা আন্দোলন হয়েছিল, সেই চেতনা এখন ভূলুণ্ঠিত। সর্বস্তরে এখনো বাংলা ভাষার প্রচলন হয়নি। বিশ্ববিদ্যালয় ও উচ্চ আদালতে ঠিকমতো বাংলার ব্যবহার নেই। উচ্চশিক্ষায় বাংলা ভাষা সবচেয়ে বেশি অবহেলিত। এটা জাতির জন্য লজ্জা। গতকাল মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ভাষাসংগ্রামী এসব কথা বলেন। কলাবাগান খেলার মাঠে ওই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়জন ভাষাসংগ্রামীকে সম্মাননা দেওয়া হয়। সেখানেই বাংলা ভাষার দুরবস্থা নিয়ে ক্ষোভের কথা কথা বলেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ভাষা আন্দোলন অনুসরণ করেই মুক্তিযুদ্ধ হয়েছে। পরিণামে বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। কিন্তু রাষ্ট্র পেলেও ভাষা (বাংলা) যেন হারিয়ে ফেলেছি। তবে আশা করব, সবাই মাতৃভাষার সম্মান রাখবেন। জনজীবনে যেন মাতৃভাষা প্রতিষ্ঠা পায়, সে জন্য কাজ করবেন।’ ভাষাসংগ্রামী আহমদ রফিক সারা দেশে অসংখ্য ভাষাসংগ্রামী থাকার কথা উল্লেখ করে দুস্থ ভাষাসংগ্রামীদের জন্য এবং সম্ভব হলে দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য তহবিল গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভাষাসংগ্রামী হালিমা খাতুন অভিমানের সুরে বলেন, ‘স্বাধীন দেশ পেয়ে সবাই যেন স্বাধীন হয়ে গেছি। দেশের ঋণের কথা মনে করি না। সর্বস্তরে বাংলা প্রচলন হয়নি। শিক্ষা যেন কেবল আনুষ্ঠানিক বিষয় হয়ে গেছে। শিশুদের বই দেখলে কান্না পায়। খবরের কাগজ এত বাণিজ্যিক হয়ে গেছে যে পড়তে পারি না। জাতীয় জীবনে আজ অন্ধকার। রাজনীতি এখন নষ্ট, অর্থনীতি অমাবস্যায় আক্রান্ত।’অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, দেশে শিক্ষার অনেক প্রসার ঘটেছে। অসংখ্য বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু উচ্চশিক্ষায় বাংলা ভাষা সবচেয়ে বেশি অবহেলিত, এটা জাতীয় লজ্জা। ভাষাসংগ্রামী শিল্পী মুর্তজা বশীর বলেন, ‘যে চেতনায় ভাষাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই চেতনা এখন ভূলুণ্ঠিত। কারণ, সর্বস্তরে এখনো বাংলা ভাষার প্রচলন হয়নি। উচ্চ আদালত ও বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো বাংলার ব্যবহার নেই। এগুলো আমাকে ব্যথিত করে।’ সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালও ভাষাসংগ্রামীদের সঙ্গে একমত হয়ে বলেন, ‘সত্যিই লজ্জার বিষয় হলো, এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে পারিনি।’ জেগে ওঠা তরুণ প্রজন্মের উদ্দেশে সুলতানা কামাল বলেন, ‘তারা নতুন করে আমাদের শরীরে রক্ত সঞ্চালন করেছে। আমরা মুক্তিযুদ্ধের সময়ের মানুষ। আমরা যা করতে পারিনি, তা তোমরা করছ। তোমরাই বায়ান্ন, উনসত্তর, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তরাধিকার।’ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ভাষাসংগ্রামীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ফুলে হোসেন, রওশন আরা বাচ্চু এবং সাবেক সেনা কর্মকর্তা এস ডি আহমদ। সম্মাননা পাওয়া অপর দুই ভাষাসংগ্রামী সুফিয়া আহমদ ও তোফাজ্জল হোসেনের পক্ষে তাঁদের স্বজনেরা সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা অনুষ্ঠান ছাড়াও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।