সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সন্ত্রাস, আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টির ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে সর্বাত্মক রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ১০টি বাম প্রগতিশীল দল। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও হানাহানির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে গণ-ঐক্যের সভাপতি পংকজ ভট্টাচার্যের সভাপতিত্বে ১০ দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় অতীতের মতো দেশের সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপাসনালয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জামায়াত-শিবিরের আক্রমণাত্মক আচরণের নিন্দা না জানিয়ে সরকার, প্রশাসন ও জনগণের প্রতিরোধকে বিরোধী দল বিএনপির নেতা খালেদা জিয়ার ‘গণহত্যা’ আখ্যা চরম দায়িত্বজ্ঞানহীনতা ও অবিমৃষ্যকারিতা বলে অভিহিত করে বলা হয়, এর মধ্য দিয়ে বিরোধী দলের নেতা একাত্তরের গণহত্যাকারীদের সরাসরি পক্ষাবলম্বন করেছেন। ১০ দল হচ্ছে—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ-ঐক্য, সাম্যবাদী দল, গণ-আজাদী লীগ, বাসদ (বিএসডি), জনসংহতি সমিতি, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপ। বাম মোর্চার বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন মোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সভায় নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মধ্যে ন্যায়বিচার এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকা সত্ত্বেও জামায়াত-শিবির ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়ে দেশ ও জনগণকে বিপন্ন করছে। জামায়াত-শিবিরের দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বিচার-প্রক্রিয়া প্রতিহত করার জন্য জামায়াত-শিবিরের কর্মীরা দেশব্যাপী যে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে তরুণ প্রজন্মসহ দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও তাণ্ডবের প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ ছাড়া সংখ্যালঘু ব্যক্তিদের ওপর জামায়াত-শিবিরের সশস্ত্র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় যুব জোট ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।