সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঘটনার পেছনে দুই কর্তা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদ আছে বলে ওই কলেজের ছাত্ররা অভিযোগ করেছেন। গতকাল রোববার মেডিকেল কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও চিকিৎসকেরা প্রথম আলোকে বলেন, হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খান ও কলেজের উপাধ্যক্ষ শামিউল ইসলাম সাদি ছাত্রলীগের দুটি পক্ষকে লালন করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই হলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ দিন থেকেই দুটি পক্ষের বিবাদের শুরু। এর পর থেকে এমবিবিএস প্রথম পর্বের ছাত্রদের দলে টানা, ছাত্রলীগের কমিটি গঠন, শামিউল ইসলাম সাদির বদলির আদেশ প্রত্যাহার ও সবশেষে ১০ ফেব্রুয়ারি ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেসব সংঘর্ষ হয় তাতে শামিউল ইসলাম সাদি ও আবুল হাসেম খান সব সময় দুই পক্ষ নিয়েছেন। আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, ‘আমি কলেজের কোনো কিছুর সঙ্গেই সম্পৃক্ত না। কোনো ছাত্র এসে সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করি। আমি কি কাউকে মারামারি করতে বলেছি?’গত ১০ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, সন্ধানী গ্রুপের নেতা সেলিম শাহী ও উপাধ্যক্ষ কলেজে না থাকায় লিও গ্রুপ সেদিন আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সন্ধানী গ্রুপের ছাত্র মশিউর রহমান আহত হলেও আবুল হাসেম খান তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ছাড়পত্র দেননি। তিনি আহত ছাত্রটিকে দেখতেও যাননি।আবুল হাসেম খান বলেছেন, আহত ছাত্রকে স্থানান্তরের জন্য তাঁর ছাড়পত্রের প্রয়োজন নেই। এদিকে হাসেম-সমর্থিত পক্ষের একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৯ সালের ২৪ অক্টোবর উপাধ্যক্ষের পক্ষের ছাত্রদের আক্রমণে নাঈম হাসান চোখে মারাত্মক আঘাত পান। একাডেমিক কাউন্সিল ১৪ জনকে এক বছরের ও একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করার সুপারিশ করে। কিন্তু শামিউল ইসলাম সাদি তাঁদের ক্ষমা করে দেন। শামিউল ইসলাম সাদি পক্ষ সমর্থনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। তিনি নিজে সন্ধানীর সঙ্গে যুক্ত ছিলেন, এখনো আছেন। তবে কখনো কাউকে বিরোধে জড়ানোর পরামর্শ দেননি। তিনি আরও বলেন, উপাধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর একাধিকবার হামলার শিকার হয়েছেন। ছাত্ররা বলছেন কক্ষ বরাদ্দ নিয়ে দুই পক্ষের বিবাদের কারণে প্রথম বর্ষের অনেক ছাত্র ছাত্রাবাসে উঠতে পারেননি। হোস্টেল সুপারের দায়িত্বে থাকা শামিউল ইসলাম সাদি কক্ষ বরাদ্দ দিয়ে মুঠোফোনে খুদে বার্তা দিয়ে ছাত্রদের জানিয়ে দেন। কয়েক ঘণ্টা পর হাসপাতালের উপপরিচালক-সমর্থিত লিও গ্রুপের নেতারা নোটিশ ছিঁড়ে ফেলেন ও পাল্টা খুদে বার্তা পাঠান।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, দুই পক্ষের এই দলাদলির কারণে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাও সম্ভব হয় না।১০ ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষের পর কলেজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।