সলিমুল্লাহ মেডিকেলে অচলাবস্থা কাটেনি
উপাধ্যক্ষের প্রত্যাহারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে গতকাল শনিবারও ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় কলেজের অধ্যক্ষ এম এ আজহার ও সদ্য-নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ মাহবুব হোসেন সাত দিনের ছুটি নিয়েছেন। মাহবুব হোসেন প্রথম আলোকে জানান, ‘বদলি হয়ে আসার পর বিদায়ী উপাধ্যক্ষ শামিউল ইসলাম অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু গতকাল ছাত্রদের একাংশ হাসপাতালে আমার কক্ষে ঢুকে তাণ্ডব চালায় এবং আমার পিয়নকে মারধর করে।’ অধ্যক্ষ এম এ আজহার বলেন, মন্ত্রণালয় থেকে শামিউল ইসলামকে উপাধ্যক্ষ হিসেবে বহাল রাখার ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি। উল্লেখ্য, শামিউল ইসলাম একাধিক পদে দায়িত্ব পালন করছেন। ৪ মে তাঁকে উপাধ্যক্ষ পদ ছেড়ে দিয়ে ন্যাশনাল প্যাথলজি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। অন্যদিকে মাহবুব হোসেনকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার ঘটনায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের একাংশ ভাঙচুর চালায়।