সশরীরে পরীক্ষা নিল ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
সশরীরে পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে ও বিকেলে বিভাগের দুটি সেমিস্টারের এই চূড়ান্ত পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নেন।
করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো আটকে থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজটে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে গত জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছে। তবে শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নিচ্ছে।
আজ সকালে বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা ও বিকেলে স্নাতক সপ্তম সেমিস্টার (চতুর্থ বর্ষ) এর চূড়ান্ত পরীক্ষা হয়। শারীরিক দূরত্ব ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হয়। ২১ সেপ্টেম্বর থেকে এই বিভাগের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও সশরীরে নেওয়া শুরু হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা নেওয়ার আগে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আমি ও সংশ্লিষ্ট সেমিস্টারের কো-অর্ডিনেটর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। সেখানে শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষার নানা সমস্যার কথা উল্লেখ করে সশরীর পরীক্ষা দেওয়ার আগ্রহের কথা আমাদের জানান। সশরীর পরীক্ষার ব্যাপারে কেউ আপত্তি জানাননি।’
আবুল মনসুর আহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের আগ্রহ ও সুবিধার বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমরা সশরীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই। পরে বিষয়টি বিভাগের একাডেমিক কমিটিতে নিয়ে আসা হয়। কমিটি শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্তে সম্মত হয়। পরে পরীক্ষার রুটিনটি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠালে কর্তৃপক্ষ অনুমতি দেয়। সশরীর পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হয়েছে।’