সশস্ত্র বাহিনী দিবসে দুই নেত্রীর কথা বলা উচিত ছিল
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে কুশল বিনিময় হওয়া উচিত ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় বিবিসি বাংলাদেশ সংলাপে আমন্ত্রিত ৯৮ শতাংশ দর্শক হাত তুলে এই মতের পক্ষে সমর্থন দিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এই সংলাপ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন ও মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান।আকবর হোসেনের সঞ্চালনায় সশস্ত্র বাহিনী দিবসে দুই নেত্রীর কুশল বিনিময় না করার বিষয়ে দর্শক সারি থেকে প্রশ্ন তোলেন নাসিরুল আফরোজ। এ বিষয়ে কাবেরী গায়েন বলেন, দুজনের মধ্যে দূরত্ব বেশি। তাই কথা হয় না। আদিলুর রহমান বলেন, একে অপরকে নাই করে দেওয়ার প্রবণতার কারণে রাজনৈতিক অঙ্গনে সমস্যা বাড়ছে।আবদুল মঈন খান বলেন, সশস্ত্র বাহিনী দিবসে কথা বললে তো সব সমস্যার সমাধান হয়ে যেত না। বরং দুই দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা একসঙ্গে বসে ভাবের আদান-প্রদান করলে সমস্যার সমাধান হতে পারে।ভিন্নমত পোষণ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘সামাজিক শিষ্টাচার অনুযায়ী কুশল বিনিময় করা উচিত। রমজানে সশস্ত্র বাহিনীর ইফতার অনুষ্ঠানে দেখেছি, প্রধানমন্ত্রী উঠে গিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেছেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী সে সুযোগ পাননি।’প্রশ্ন ছিল, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির যেভাবে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা চালাচ্ছে, তাতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি না? এ প্রশ্নে আদিলুর রহমান খান বলেন, এ কারণে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত নয়। ব্যক্তিগতভাবে কেউ সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।আব্দুর রাজ্জাক আরও বলেন, জামায়াত যেভাবে পুলিশের গায়ে আগুন লাগিয়ে দিয়ে নাশকতার সৃষ্টি করছে, তাতে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সরকার বিবেচনায় নিতে পারে।আবদুল মঈন খান বলেন, জামায়াতকে নিষিদ্ধ করলে সমস্যার সমাধান হবে না। রাজনীতিতে ভিন্নমত থাকলে গণতন্ত্র বেশি বিকশিত হয়।৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) যে প্রতিবেদন দিয়েছে, বেশির ভাগ দর্শক তার সমালোচনা করেন। এ বিষয়ে কাবেরী গায়েন বলেন, দুর্বল গবেষণা পদ্ধতির কারণে টিআইবির প্রতিবেদনটির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। তবে এ জন্য সাংসদেরা টিআইবিকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছেন, তা অযৌক্তিক।আদিলুর রহমান বলেন, গ্রহণযোগ্য তথ্য না দিয়ে কোনো ধরনের প্রতিবেদন দেওয়া উচিত নয়। ভিন্নমত পোষণ করে মঈন খান বলেন, সংখ্যার কারণে প্রতিবেদন অগ্রহণযোগ্য হতে পারে না। আব্দুর রাজ্জাক বলেন, পদ্ধতিগত কারণে টিআইবির গবেষণা প্রতিবেদনটি সমালোচিত হচ্ছে। তাই বলে টিআইবিকে নিষিদ্ধ করা উচিত হবে না।রাজনৈতিক বিবেচনায় দুর্নীতি দমন কমিশনের মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকারের কাছে নেওয়ার যে প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তা যুক্তিসংগত নয় বলে মন্তব্য করেছেন মঈন খান। আব্দুর রাজ্জাক বলেন, সরকার ইচ্ছে করলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে পারে। তবে কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসংক্রান্ত মামলা নিশ্চয় প্রত্যাহার করবে না। আদিলুর রহমান বলেন, দুদকের ক্ষমতা কেড়ে নেওয়া হলে এটি সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হবে।