সহকারী জজ নিয়োগে বার কাউন্সিলের সনদ থাকার শর্ত প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী জজ হতে চাইলে আইনে ডিগ্রি থাকার পাশাপাশি বার কাউন্সিলের সনদ থাকার শর্ত প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে ৯ এপ্রিল অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনের শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষার নানা অনিয়ম ও দীর্ঘসূত্রতা তুলে ধরেন। সম্মেলনে লিখিত বক্তব্যে আইন বিভাগের ৩৪তম ব্যাচের ছাত্র আখতারুজ্জামান আজিজ বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে ‘প্রবেশ পদের’ পরীক্ষা হচ্ছে সহকারী জজ নিয়োগ পরীক্ষা। অন্যান্য সরকারি চাকরির প্রবেশ পদের পরীক্ষায় পূর্ব অভিজ্ঞতা বা অতিরিক্ত শর্ত আরোপ করা নেই। তাই জুডিশিয়াল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অতিরিক্ত শর্তারোপের যৌক্তিকতা নেই।সংবাদ সম্মেলনে বলা হয়, বার কাউন্সিলের পরীক্ষায় অনিয়মের অভিযোগ রয়েছে। ইতিপূর্বে পরীক্ষা মূল্যায়নপত্র জালিয়াতির মাধ্যমে অকৃতকার্য করানোর নজির রয়েছে। এসব কারণে অনেক মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে চান না। সম্মেলনে আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আলী হায়দার, রায়হান কবির, আল জহিরুল ইসলাম চৌধুরী, আতাউর রহমান, নওরীন প্রমুখ।