সহনশীলতা তুলে ধরার উৎসব
সাবিনা মালো নওগাঁর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য। ২০০৭ সাল থেকে তাঁর লড়াই শুরু। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার আদায়ে লক্ষ্যে জনসচেতনতা, মাদক নির্মূল ও নারীর মতপ্রকাশ, নির্যাতন রোধ ও পড়াশোনার ব্যবস্থা করতে কাজ শুরু করেন তিনি। এ ছাড়া কুসংস্কার দূর করে নারীকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন সাবিনা মালো।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ‘রেজিলিয়েন্স উৎসব: পৃথিবী, মানুষ এবং সম্ভাবনা’ শীর্ষক একশনএইড বাংলাদেশের অনুষ্ঠানে সাবিনা মালো এসব কথা বলেন।
সাবিনা মালো বলেন, দেশে বিচার পাওয়ার ক্ষেত্রে একটা ভয় কাজ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের। সারা পৃথিবীতেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা অবহেলিত। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই তিনি কাজ করছেন।
বাংলাদেশের মানুষ কীভাবে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াচ্ছে, কীভাবে এগিয়ে যাচ্ছে—এসব জানাতেই দুই দিনব্যাপী এ আয়োজন। এ প্রসঙ্গে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, দেশের সংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের মাধ্যমে বাংলাদেশের জনগণের সহনশীলতাকে উদ্যাপন করার লক্ষ্যে এ আয়োজন। এ ছাড়া সম্ভাব্য অংশীদারত্বের সুযোগ তৈরি করা এবং সচেতনতা বাড়াতে একশনএইডের কাজগুলো তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।
উৎসবে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একশনএইড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। আলোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী–পুরুষের সমান অধিকার বাস্তবায়নের স্বপ্ন ছিল ৫০ বছর আগেই। দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নারীরা। গেরিলাযোদ্ধাদের ভরসার স্থল ছিলেন নারীরা, যা স্বাধীনতার পর তাঁদের আত্মমর্যাদাশীল করেছে। এরপর আর কখনো তাঁদের পিছিয়ে পড়তে হয়নি।
মালেকা বানু বলেন, হাজারো কুসংস্কার ভেঙে নারীরা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন। দুর্যোগ মোকাবিলায় নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন।