সহযোগিতার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য তথ্য-উপাত্ত ও দলিল দিয়ে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।গতকাল বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘কেস মেট্রিক্স নেটওয়ার্ক টুলস ডেটাবেইস সার্চ’ শীষর্ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এ আহ্বান জানান। মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য গঠিত তদন্ত সংস্থা এবং বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।শফিক আহমেদ বলেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশ দলিল ও তথ্য-প্রমাণাদি ট্রাইব্যুনালে পাঠিয়েছে। কয়েকটি দেশ তদন্ত সংস্থার সদস্য ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রশিক্ষণ দিয়েছে।আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারকালে অভিযুক্তদের আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থন ও রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনের সুযোগ রয়েছে। সাফল্যের সঙ্গে বিচার শেষ করতে পারলে তা বিশ্বে উদাহরণ হিসেবে থাকবে।ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা সানাউল হক, কেস মেট্রিক্স নেটওয়ার্ক-বিষয়ক নির্বাহী উপদেষ্টা আলফ বুটেনসন স্কেরি, জ্যেষ্ঠ উপদেষ্টা প্যাট্রিক ট্রিনর, উপদেষ্টা এলিসা নোভিক প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শফিক আহমেদ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।