সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে জোরালো অংশীদারি চাই
মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে দেশে সফল কিছু উদাহরণ আছে। সেগুলোর আদলে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করা সম্ভব। তবে এ জন্য দরকার সরকার, এনজিও, দাতা সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থার মধ্যে জোরালো অংশীদারি।গতকাল বুধবার ‘মাদারস অ্যান্ড বেবিস স্পিক: মুভিং ফরওয়ার্ড উইথ লেসনস অন ম্যাটার্নাল, নিওনেটাল অ্যান্ড চাইল্ড হেলথ’ শীর্ষক আলোচনা সভায় দেশি-বিদেশি বিশেষজ্ঞেরা এসব কথা বলেন। ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এই সভা যৌথভাবে আয়োজন করে ব্র্যাক এবং পার্টনারশিপ ফর ম্যাটারনাল, নিওনেটাল অ্যান্ড চাইল্ড হেলথ (পিএমএসএইচসি)। পিএমএসএইচসি হচ্ছে এমডিজি-৪ (শিশুস্বাস্থ্য) ও এমডিজি-৫ (মাতৃস্বাস্থ্য) অর্জনের লক্ষ্যে গঠিত ৩০০ সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক নেটওয়ার্ক।পিএমএসএইচসির চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের মানব উন্নয়ন কর্মসূচির সহসভাপতি জুলিয়ান সুইটসজার বলেন, ব্যাপক হারে শিশুমৃত্যুকে অর্থনৈতিক ও সামাজিক দুর্যোগ হিসেবে দেখতে হবে। তিনি বলেন, মা ও শিশুস্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির তুলনায় অগ্রগতি কম হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য খাতে নতুন প্রযুক্তি ব্যবহার প্রসঙ্গে জুলিয়ান বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে ইউরোপ-আমেরিকায় স্বাস্থ্য-ব্যয় বাড়ছে। কিন্তু ভারত ও বাংলাদেশের মতো দেশে ব্যয় কমছে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, হাসপাতালে সব মায়ের প্রসূতিসেবা পাওয়ার সুযোগ নেই। মাতৃমৃত্যু কমাতে হলে বাড়িতে প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা দরকার। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবল গড়ে তোলা কঠিন কাজ।জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, স্বাস্থ্য খাতের লক্ষ্য অর্জন করতে নেতৃত্ব জোরদার করা দরকার।আয়োজকেরা জানান, আজ ও আগামীকাল পিএমএসএইচসির নির্বাহী পরিষদের সভা বসছে ঢাকায়। এই সভায় মা ও শিশুস্বাস্থ্যের অগ্রগতি, বেসরকারি খাতের সমন্বয় ও অংশীদারি, সমস্যা ও সম্ভাবনা এবং স্থানীয় ও আন্তর্জাতিক উদ্যোগের অর্জন নিয়ে আলোচনা হবে।বাংলাদেশের মা ও শিশুস্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহম্মদ সহিদুল্লা। তিনি বলেন, শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে লক্ষ্য অর্জন সম্ভব, মাতৃমৃত্যুর ক্ষেত্রে সেই লক্ষ্য অর্জিত হবে না। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক কাওসার আফসানা বলেন, সরকার, এনজিও ও সাধারণ মানুষের অংশীদারি জোরদার করে মা ও শিশুমৃত্যু কমানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যবিষয়ক নীতিপরামর্শক অনির চৌধুরী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বড় উদ্যোগ সরকারের আছে।আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, মা ও শিশুস্বাস্থ্যের জন্য বিচ্ছিন্নভাবে নানা উদ্যোগ আছে, জাতীয় পর্যায়ে নেই। তিনি বলেন, দক্ষ প্রসূতি সহায়তাকারী তৈরি করার কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন হওয়া দরকার।শুরুতে ব্র্যাকের চেয়ারপারসন ও অনুষ্ঠানের সভাপতি ফজলে হাসান আবেদ বলেন, ডায়রিয়ায় স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে এবং সমন্বিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সাফল্য রয়েছে। তিনি বলেন, এই সভার মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ হবে।