সহায়তা মেলেনি, খবর রাখেনি কেউ

নুরুজ্জামান হাওলাদার ও শিরিন আক্তার দম্পতি। থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লার বেলপাড়ায় টিনশেডের ভাড়া ঘরে। প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হতেন নুরুজ্জামান, ফিরতেন রাতে। এক ভোরে তিন মাসের সন্তান আবুল হোসেনের কপালে চুমু খেয়ে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরা হয়নি তাঁর। পুরান ঢাকার চুড়িহাট্টায় যাত্রী নিয়ে যাওয়ার সময় অগ্নিকাণ্ডে মারা যান নুরুজ্জামান।
নুরুজ্জামানের স্ত্রী শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, স্বামী মারা যাওয়ার পর ফতুল্লার একটি পোশাক কারখানায় চাকরি নেন তিনি। কোলের সন্তানকে স্বজনদের বাসায় রেখে কাজে যান। কিন্তু প্রতিদিন রেখে যাওয়া সম্ভব হয় না। কাজে যেতে না পারলে বেতন কাটা যায়। এতে প্রতি বেলা খাবার জোটে না। তিনি বলেন, দুর্ঘটনার পর তাঁর স্বামীর লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা দিয়েছিল জেলা প্রশাসন। তখন সরকারের বিভিন্ন সংস্থা এবং এনজিও সহায়তার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে তাঁদের সহায়তার জন্য কেউ এগিয়ে আসেনি, খবরও নেয়নি।
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ওয়াহেদ ম্যানশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে ৭১ জন মারা যান। ওই ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের অনেকেই পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন সেসব পরিবারের দিন কাটছে দুর্দশায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সচিব দপ্তর সূত্র জানায়, চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে মৃত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি (মশকনিধন ও পরিচ্ছন্নতাকর্মী) ও দোকান দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। শিগগিরই তাঁদের হাতে চাকরির নিয়োগপত্র ও দোকানের বরাদ্দপত্র দেওয়া হবে। তবে ঠিক কতজনকে এই সহায়তা দেওয়া হবে, তা স্পষ্ট করে বলেনি সংস্থাটি।
স্ত্রী ফাতেমা আক্তার ও দুই মেয়েকে নিয়ে চকবাজারের হাজি বাল্লু রোডের পৈতৃক বাড়িতে থাকতেন ফয়সাল সারোয়ার। অগ্নিকাণ্ডের কিছু সময় আগে চুড়িহাট্টা মোড়ে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। ওষুধ কিনে আর বাসায় ফিরতে পারেননি। অগ্নিকাণ্ডে মারা যান তিনি।
ফয়সালের স্ত্রী ফাতেমা বলেন, তাঁর ছেলে নেই। দুই মেয়ে নবম-দশম শ্রেণিতে পড়ে। স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়ি থেকে সংসারের খরচ আসছে। এভাবে কত দিন চলবে, ভবিষ্যৎ কী হবে, কিছুই বুঝতে পারছেন না তিনি।
মাসুদ রানা ও মাহবুবুর রহমান—আপন দুই ভাই। তাঁরা একসঙ্গে চুড়িহাট্টার ওয়াদেহ ম্যানশনের নিচতলার একটি দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। অগ্নিকাণ্ডে দুই ভাই-ই মারা যান। তাঁদের দুজনের আয়ে চলত সংসার।
এখন পরিবারের দায়িত্ব তাঁদের ছোট ভাই খলিলুর রহমানের (২২) ওপর। মাস দু–এক আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। কিন্তু যে বেতন পান, তা দিয়ে পরিবারের খরচ মেটে না। অসুস্থ বাবা সাহেব উল্লার ওষুধও ঠিকমতো মিলছে না।
খলিলুর রহমান জানান, তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। চকবাজারের চাঁদনী ঘাটে পরিবার নিয়ে তাঁরা থাকেন। আগে তাঁর বড় দুই ভাই পরিবারের যাবতীয় খরচ দিতেন। তাঁরা মারা যাওয়ার পর এ দায়িত্ব তাঁর ওপর পড়েছে। কিন্তু কোনো কূল খুঁজে পাচ্ছেন না তিনি।
খলিলুর বলেন, ডিএসসিসিতে তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। কিন্তু বছর পার হলেও তিনি এখনো চাকরি পাননি। চাকরিটা পেলে সংসার খরচের চিন্তা করা লাগত না।
জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, চুড়িহাট্টার অগ্নিকাণ্ড ছিল হৃদয়বিদারক ঘটনা। তাই তিনি নিজ উদ্যোগে অগ্নিকাণ্ডের মৃত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেছেন। এর মধ্যে একেবারেই অসচ্ছল পরিবারগুলোকে গুরুত্ব দিয়েছেন। যোগ্যতা অনুযায়ী তাঁদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি ও মেয়র কোটায় দোকান দেওয়া হবে। ইতিমধ্যে সব ধরনের দাপ্তরিক কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের হাতে নিয়োগপত্র ও দোকান বরাদ্দপত্র দেওয়া হবে।