সাভারের হেমায়েতপুরে একটি ডেইরি ফার্মের ভেতর থেকে পুলিশ দুই সহোদরসহ এক পরিবারের তিন কিশোরের লাশ উদ্ধার করেছে। তাদের মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
মৃত তিন কিশোর হলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের জিয়ারুল রহমানের ছেলে জীবন (১৮) ও নাসির উদ্দিন (১৬) এবং তাদের ফুফাতো ভাই শাহাদত হোসেন (১৬)। গতকাল শনিবার সকালে স্থানীয় প্রান্ত ডেইরি ফার্মের একতলা ভবনের একটি কক্ষে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
সহকারী পুলিশ সুপারের দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, ওই কিশোরদের মৃত্যুর কারণ রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা মুশকিল।
স্থানীয় লোকজন বলেন, জীবনের বাবা জিয়ারুল বছর খানেক ধরে ওই ডেইরি ফার্মের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। পরিবার নিয়ে তিনি ফার্মের ভেতরেই দুই কক্ষের একটি একতলা ভবনে থাকেন। শহীদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি ফার্মটির মালিক।
জীবন ও নাসির একটি গাড়ির ওয়ার্কশপে কাজ শিখতেন। আর শাহাদত একটি চায়নিজ রেস্তোরাঁয় কাজ করত।
জীবনের বাবা জিয়ারুলের ভাষ্য, গতকাল শনিবার সকাল আটটার দিকে তিনি ঘুম থেকে উঠে ফার্মে ঘণ্টাখানেক কাজ করেন। পাশের ঘরে ঘুমানো তাঁর দুই ছেলেসহ তিন কিশোর সকাল নয়টার দিকেও না ওঠায় তিনি তাঁদের ডাকাডাকি করেন। কেউ সাড়া না দেওয়ায় তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে তিনজনকে শুয়ে থাকতে দেখেন। তখন আবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে তিনি লাঠি দিয়ে খোঁচা মেরে তিনজনের ঘুম ভাঙানোর চেষ্টা করেন। এতেও কাজ না হওয়ায় তিনি সাভার মডেল থানায় খবর দেন। থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ইউসুফ ঘটনাস্থলে এসে ওই কক্ষ থেকে তিন কিশোরের মৃতদেহ উদ্ধার করেন।
এসআই আরিফ বলেন, তিন কিশোর যে কক্ষে ছিলেন, সেটির দরজা ভেতর থেকে লাগানো ছিল। তিনি লাঠি দিয়ে ছিটকিনি খুলে ভেতরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় দেখতে পান। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
ফার্মের শ্রমিক আবদুস সালাম বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে জীবন ও নাসির তাঁদের ফুফাত ভাইকে নিয়ে ফার্মে মা-বাবার সঙ্গে রাতের খাবার খান। এরপর তিনজন একটি কক্ষের মেঝেতে শুয়ে পড়েন। জিয়ারুল তাঁর স্ত্রী নাসরিনকে নিয়ে পাশের কক্ষে ছিলেন। হাবিবুর রহমান নামে আরেক শ্রমিক বলেন, শুক্রবার সন্ধ্যায় ওই তিন কিশোর ফার্মের ভেতর একটি জলাশয়ের আবর্জনা পরিষ্কার করেন। এরপর সুস্থ অবস্থায় তাঁরা রাতের খাবারও খান।
স্থানীয় লোকজন বলেন, ফার্মের জমির মালিকানা নিয়ে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজের আদালতে একটি মামলা বিচারাধীন। প্রতিষ্ঠানটির সামনে এ-সংক্রান্ত একটি নোটিশও টাঙানো রয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য ফার্মের মালিক শহীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।
জমি নিয়ে বিরোধের জেরে ওই তিন কিশোরকে কৌশলে হত্যা করা হয়ে থাকতে পারে কি না, জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তাঁদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর কক্ষের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তাই তাঁদের কেউ হত্যা করতে পারে, এমনটা মনে হয় না। তবে সব বিষয়ই খতিয়ে দেখা হবে।
র্যা ব-৪ সাভার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, বজ্রপাত, খাদ্যে বিষক্রিয়া বা তড়িতাহত হয়ে ওই কিশোরদের মৃত্যু হয়ে থাকতে পারে।