অপরাধী চক্র কীভাবে পুলিশের সহায়তা নিয়ে মিথ্যা মামলা দেয়: মানববন্ধনে প্রশ্ন
জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য কামরুন্নাহার ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীতে এক মানববন্ধনে করে এ দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিএইচআরএফের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যসহ অন্য সাংবাদিকেরা।
কামরুন্নাহারের ৮০ বছর বয়সী বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কফিল উদ্দিন আহমেদ ও তাঁর চাচাতো ভাই জহিরুল ইসলাম রাজুকে মুরগির খামারের ১২টি টিন এবং ২০০ মুরগি লুট, ২৫ থেকে ৩০টি গাছ কেটে নেওয়াসহ ভাঙচুর, হামলা, চাঁদাবাজিসহ ১০টি ধারায় মামলায় গত শুক্রবার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কামরুন্নাহার ও তাঁর মাসহ তাঁর পরিবারের আরও নয় সদস্যকে এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তাঁরা সবাই এখন গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে আছেন। রোববার আদালত থেকে জামিন পেয়েছেন কফিল উদ্দিন। ১৬ মে রাজধানীর গুলশান এলাকার ইমতিয়াজ করিম বাদী হয়ে কফিল উদ্দিনসহ তাঁর পরিবারের ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলায় সাংবাদিক পরিবারকে হয়রানি ও সাংবাদিক কামরুন্নাহারের বাবা অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত, হাতকড়া পরানো ও গালাগালি করায় নিন্দা জানানো হয়। পাশাপাশি গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা, ওসি–তদন্ত মিজান, এসআই তানভীরসহ সেই ভূমিদস্যু ও অপরাধী চক্রের বিচার দাবি করেন সাংবাদিকেরা। ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক কামরুন্নাহার বলেন, ‘একজন পুলিশ সুপারের (এসপি) আমলে গাজীপুরে ২০১৮ সাল থেকে আমাদের নামে মামলা হচ্ছে। গরু চুরি, মুরগি চুরি, চাঁদাবাজি, লুটপাট, ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে। এ নিয়ে একই স্ক্রিপ্টে তিনটি মামলা হলো। এই অপরাধী চক্র কীভাবে পুলিশের সহায়তা নিয়ে মিথ্যা মামলা দেয়?’
মানববন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি। তিনি বলেন, ‘মামলায় কারা সংশ্লিষ্ট আছেন, তা একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে বের করা হোক। একজন সিনিয়র সাংবাদিকের পরিবারকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে—তাঁর বিচার আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) কাছে চাচ্ছি। অন্যথায় প্রয়োজনে এর সুরাহার জন্য আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব।’
মানববন্ধনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সহসভাপতি খালেদ সাইফুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মোবারক, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।