সাংবাদিক নির্যাতন ও তরুণীর শ্লীলতাহানির ঘটনায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও আইনজীবীর ওপর পুলিশি নির্যাতন এবং আদালতপাড়ায় তরুণীর শ্লীলতাহানির ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে বলেন, গত কয়েক দিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর তিন ফটোসাংবাদিকসহ সাংবাদিকদের নিগৃহীত করা, আদালতপাড়ায় বিচারপ্রার্থী নারীর সম্ভ্রমহানির ঘটনা উদ্বেগের। এসব কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৃঙ্খলাবহির্ভূত। এতে জড়িত সদস্যদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, নৈতিকতাবিবর্জিত পুলিশ সদস্যদের কেবল ক্লোজড করলেই হবে না, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঢাকা জজ আদালত চত্বরে গত মঙ্গলবার তরুণীর শ্লীলতাহানি ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মহিলা পরিষদ।নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক এবং সাধারণ সম্পাদক পারভীন সুলতানা এক বিবৃতিতে প্রথম আলোর তিন ফটোসাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন এবং বিডিনিউজ ২৪ ডটকমের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ ও বিস্ময় প্রকাশ করেন। সাংবাদিক ইউনিয়নের বিবৃতি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা এক যুক্ত বিবৃতিতে পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পরামর্শের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতারা বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এ ধরনের বক্তব্যে সাংবাদিকদের ওপর পুলিশের দমন-পীড়ন ও নির্যাতন আরও বেড়ে যাবে। তাঁর এ বক্তব্য স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের শামিল। নেতারা বলেন, মাত্র কিছুদিন আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির দুই সাংবাদিকের ওপর তাঁর নিকটাত্মীয়রা হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেয়। এ ছাড়া বিপ্লবী নারী সংহতি, জাতীয় মুক্তি কাউন্সিল, প্রগতিশীল শিল্প ও গণমাধ্যম কর্মী ফোরাম, নারী পক্ষ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, জাতীয় শ্রমিক জোট, ছাত্র ইউনিয়ন, কর্মজীবী নারী, সম্মিলিত সামাজিক আন্দোলন, সমাজবাদী ছাত্র জোট প্রভৃতি সংগঠন পৃথক বিবৃতিতে সাংবাদিক নির্যাতন ও তরুণীর শ্লীলতাহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।