সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের খুনিদের বিচার ও সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দেয়। এতে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন। ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, নিপীড়ন ও হামলা-মামলার ঘটনা অতীতের সব নজির ভঙ্গ করেছে। খুন, গুম, অপহরণ ও গ্রেপ্তারের জঘন্য নীতি নিয়ে এগোচ্ছে সরকার। এর পরিণতি হবে ভয়াবহ।সভাপতির বক্তব্যে এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, সরকার জনদুর্ভোগ লাঘব না করে হামলা, মামলা, গ্রেপ্তার এবং খুন, গুমের পথ ধরেছে। তিনি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা দলের নেতা-কর্মীদের মুক্তির দাবি করে বলেন, নইলে করুণ পরিণতির জন্য প্রস্তুত থাকুন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।