সাংবাদিক নির্যাতনের ঘটনায় তিন পুলিশ বরখাস্ত
সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশের রমনা বিভাগের উপকমিশনারের কার্যালয় থেকে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান, কনস্টেবল সুমিত কুমার দেবনাথ ও সুহানুর রহমান। তাঁদের বিরুদ্ধে পয়লা বৈশাখ রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাসুম বিল্লাহ ও কালের কণ্ঠ-এর প্রদায়ক পিন্টু রঞ্জনকে মারধর করার অভিযোগ উঠেছে।রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন বলে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন সদরুল আমিন, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাসান নিটোল প্রমুখ।একই দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয় চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।