সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সারা দেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। গতকাল বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা বলেন, সাগর-রুনি হত্যা, প্রথম আলোর তিন ফটোসাংবাদিক ও আদালত প্রতিবেদককে মারধর, বিডিনিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলাসহ সারা দেশের সাংবাদিকদের ওপর একের পর এক নির্যাতন হচ্ছে। কখনো তা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রে, আবার কখনো তা করছে সন্ত্রাসীরা। এসব কারণে সাংবাদিকেরা হুমকির মুখে। শিক্ষকেরা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য তাজমেরী এস ইসলাম বলেন, কোনো গণতান্ত্রিক দেশে এ রকম হতে পারে না। তিনি নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের অবস্থানেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘যে ভাষায় প্রতিবাদ করার কথা ছিল, তা করা হয়নি।’বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, গুম ও সাংবাদিক নির্যাতনের ফলে দেশে অস্বস্তিকর ও শ্বাসরুদ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর তা হচ্ছে ওপরের মহলের নির্দেশে। সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, সাংবাদিকেরা অবিচার-অনাচার তুলে ধরেন— এটা অনেকেই সহ্য করতে পারে না। তাই এসব হামলা হচ্ছে। সাদা দলের শিক্ষক আকতার হোসেন খানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিন্ডিকেট সদস্য মঈনুল ইসলাম, মো. লুৎফুর রহমান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের শিক্ষক আবুল হাসনাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।