দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে হরহামেশাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়। কখনো সন্ত্রাসী গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী, কখনোবা প্রশাসন এসবের পেছনে থাকে। কিন্তু এগুলোর বিচার না হওয়ায় দেশে এমন নিপীড়নের ঘটনা ঘটতেই থাকে।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিনের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এই সমাবেশের আয়োজন করে।
সাগর-রুনি হত্যার এখনো বিচার হয়নি। এ বিচার আদৌ হবে কি না কেউ জানে না। বুরহান হত্যাকাণ্ডের বিচার হবে কি না তা নিয়েও সন্দেহ আছে। নির্যাতন-নিপীড়ন সহ্য করে হলেও প্রতিবাদ জানাতে হবে।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা এ দেশে নেই। একের পর এক নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু বিচার হয় না। এভাবে চলতে পারে না।
সভাপতির বক্তব্যে বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ বলেন, এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। সাংবাদিকদের জীবনও নিরাপত্তাহীন। কাজ করতে গিয়ে মামলা-হামলার শিকার হতে হয় তাঁদের। স্বাধীন দেশে এটা মেনে নেওয়া যায় না।
সমাবেশে সাংবাদিক বুরহান উদ্দিনের স্বজন নজরুল ইসলাম বলেন, ভিডিও করতে গিয়ে বুরহান গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে সিসিটিভি ফুটেজ আছে। সেই ফুটেজ সংগ্রহ করে তাঁর হত্যার বিচার চান তাঁরা। ৬২টি স্প্লিন্টার ছিল তাঁর শরীরে। নৃশংসভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
বিএফইউজের (একাংশ) সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সাগর-রুনি হত্যার এখনো বিচার হয়নি। এ বিচার আদৌ হবে কি না কেউ জানে না। বুরহান হত্যাকাণ্ডের বিচার হবে কি না তা নিয়েও সন্দেহ আছে। নির্যাতন-নিপীড়ন সহ্য করে হলেও প্রতিবাদ জানাতে হবে।
সংগঠনের নির্বাহী পরিষদের সাবেক সদস্য জসীম উদ্দিন বলেন, সরকারের কাছে বলতে বলতে সাংবাদিকেরা ক্লান্ত। দেশের প্রতিটি বিভাগে, থানায় সাংবাদিকদের ওপর নির্যাতন হচ্ছে। সাংবাদিকদের কলম ভেঙে দেওয়া সহজ নয়। খুন, গুম, নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের ঘটনার বিচার করতে হবে।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য এ কে এম মহসীন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হয়েছেন। প্রতিবাদ-সমাবেশ করে আর হবে না।
সমাবেশে ডিইউজের (একাংশ) জনকল্যাণ সম্পাদক মাসুদা সুলতানা, ডিইউজে সদস্য রাজু আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
গত শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে একই স্থানে পৌর মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান কর্মসূচির ডাক দেন। এ সময় কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করার সময় গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচারের নোয়াখালী প্রতিনিধি বুরহান। পরে গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে উভয় পক্ষই বুরহানকে নিজেদের লোক বলে দাবি করে আসছে।