সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে এক সমাবেশে সাংবাদিক নেতাদের একাংশ অভিযোগ করেন, ক্ষমতাসীনদের অত্যাচার-নির্যাতনের কারণে সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারছেন না। তাঁরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে। ১৯৭৫ সালের ১৬ জুন চারটি দৈনিক পত্রিকা রেখে দেশের বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সরকার। প্রতিবছর এই দিনটি ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। সমাবেশে প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, এ দেশের গণমাধ্যম এখনো শৃঙ্খলমুক্ত হতে পারেনি। রাজনৈতিক কারণে সাংবাদিকেরা দ্বিধাবিভক্ত। তিনি বলেন, ‘সাংবাদিকদের স্বার্থেও আমরা এক হতে পারছি না। সহজে হয়তো এ বিভক্তি যাবে না, তবে সাংবাদিকের স্বার্থ সংরক্ষণে কাজ করে যেতে হবে।’বিএফইউজে একাংশের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বর্তমান সরকারের সময়ে সারা দেশে সাংবাদিক নির্যাতনের একটি পরিসংখ্যান তুলে ধরেন। আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান আওয়ামী লীগকে ‘আজন্ম ফ্যাসিস্ট’ দল আখ্যায়িত করে বলেন, ‘এ সরকার বারবার ক্ষমতায় এসে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করেছে। এ দলটি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ, ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সংবাদপত্রে এখন নিয়ন্ত্রিত স্বাধীনতা চলছে।