সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজারে গণমাধ্যমকর্মীর গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা মামলার এক মাস পরও মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, আসামিদের পাওয়া যাচ্ছে না।

অবৈধ পলিথিন কারখানার বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে গত ৬ নভেম্বর হামলার শিকার হন যমুনা টেলিভিশনের প্রতিবেদক শাকিল হাসান ও চিত্রগ্রাহক শাহীন আলম। হামলার একপর্যায়ে শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় পলিথিন কারখানাটির মালিক আবদুল জব্বার, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা হয়। মামলার বাদী শাকিল হাসান প্রথম আলোকে বলেন, তাঁকে ও চিত্রগ্রাহক শাহীন আলমকে মারধরের পর জীবন বাঁচাতে তাঁরা একটি মুদিদোকানের ভেতরে ঢুকে পড়েন। দোকানের ভেতরে গিয়েও শাকিলকে মারধর করা হয়। একপর্যায়ে দোকানে থাকা কেরোসিনের টিন খুলে শাকিলের গায়ে ঢালা হয়। পরে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য হামলাকারীরা দেশলাই খুঁজছিল। আগুন দেওয়ার আগেই স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করেন।

শাকিল বলেন, ভিডিও ফুটেজ থেকে নেওয়া কারখানার মালিক তিন সহোদর আবদুর রহিম, আবদুল জব্বার, মো. জাকিরসহ চারজনের ছবি থানায় দেওয়া হয়েছে। চতুর্থজন তাঁর গায়ে কেরোসিন ঢেলেছিল বলে শাকিল জানান। চতুর্থজনের নাম জানা যায়নি। শাকিল বলেন, হামলায় মূলত এই চারজনই জড়িত।

জানতে চাইলে এই মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, ঘটনার পর এই চারজনসহ তাঁদের আত্মীয়স্বজন সবাই এলাকা ছেড়ে পালিয়েছেন। তাই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।