সাংবাদিককে মারধরের মামলায় যুবলীগের সাবেক নেতা কারাগারে
সাংবাদিক এমদাদুল হক খানকে মারধর ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার রমনা থানা যুবলীগের সাবেক সহসভাপতি খোরশেদুল আলম ওরফে মাসুদকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল। খোরশেদুল টাঙ্গাইল জেলার ঘাটাইলের খাদ্যগুদামের পরিদর্শক।
গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলে পেয়ারাবাগের ভাড়া বাসায় ঢুকে এমদাদুল হককে মারধরের অভিযোগে খোরশেদুল আলমসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় রাজধানীর সেগুনবাগিচা থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় গ্রেপ্তার খোরশেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় খোরশেদুলের বিরুদ্ধে জোর করে বাসায় ঢুকে হামলা চালিয়ে এমদাদুলকে জখম করে বাসা থেকে মালামাল চুরি, ভাঙচুর ও এমদাদুলের স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ আনা হয়।
মামলায় বলা হয়, এমদাদুল যে ফ্ল্যাটে ভাড়া থাকেন, সেটি খোরশেদুলের স্ত্রীর নামে। এমদাদুল তিন মাসের লিখিত চুক্তিতে সম্প্রতি এ ফ্ল্যাটটি ভাড়া নেন। বুধবার রাত ১১টার দিকে খোরশেদুল ও অজ্ঞাত দু-তিনজন এমদাদুলের ফ্ল্যাটের কলবেল বাজান। এ সময় এমদাদুলের স্ত্রী দরজা খুলে দিলে খোরশেদুল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন এবং বাসার ভেতরে ঢোকেন। কিছু বুঝে ওঠার আগেই এমদাদুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন খোরশেদুল। এ সময় এমদাদুলকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করেন এবং তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেন। পরে খোরশেদুল তাঁর সহযোগীদের নিয়ে বাড়ির গ্যারেজে থাকা মোটরসাইকলটি ভাঙচুর করেন।