সাংবাদিককে মারধরের মামলায় সাবেক যুবলীগ নেতার জামিন
সাংবাদিক এমদাদুল হক খানকে মারধর ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার রমনা থানা যুবলীগের সাবেক সহসভাপতি খোরশেদুল আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার খোরশেদুলের জামিন মঞ্জুর করেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল।
খোরশেদুল টাঙ্গাইল জেলার ঘাটাইলের খাদ্যগুদামের পরিদর্শক।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার বাদী সাংবাদিক এমদাদুল হক। আসামি খোরশেদুলের জামিনে আপত্তি নেই বলে এমদাদুল লিখিতভাবে আদালতকে জানান। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে পাঁচ হাজার টাকা মুচলেকায় খোরশেদুলের জামিন মঞ্জুর করেন।
গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলের পেয়ারাবাগের ভাড়া বাসায় ঢুকে এমদাদুলকে মারধরের অভিযোগে খোরশেদুলসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় রাজধানীর সেগুনবাগিচা থেকে শুক্রবার খোরশেদুলকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার খোরশেদুলকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, খোরশেদুল জোর করে বাসায় ঢুকেছেন। হামলা চালিয়ে এমদাদুলকে জখম করেছেন। বাসা থেকে মালামাল চুরি ও ভাঙচুর করেছেন। এমদাদুলের স্ত্রীর শ্লীলতাহানি করেছেন।
মামলায় আরও বলা হয়, এমদাদুল যে ফ্ল্যাটে ভাড়া থাকেন, সেটি খোরশেদুলের স্ত্রীর নামে। এমদাদুল তিন মাসের লিখিত চুক্তিতে সম্প্রতি ফ্ল্যাটটি ভাড়া নেন। বুধবার রাত ১১টার দিকে খোরশেদুল ও অজ্ঞাত দু-তিনজন ব্যক্তি এমদাদুলের ফ্ল্যাটের কলবেল বাজান।
এমদাদুলের স্ত্রী দরজা খুলে দিলে খোরশেদুল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। তাঁরা বাসার ভেতরে ঢোকেন। কিছু বুঝে ওঠার আগেই এমদাদুলকে কিলঘুষি, লাথি মারতে থাকেন খোরশেদুল। এমদাদুলকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়। তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে খোরশেদুল তাঁর সহযোগীদের নিয়ে বাড়ির গ্যারেজে থাকা মোটরসাইকেলটি ভাঙচুর করেন।