ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পরিবেশবিষয়ক পাঠ্যসূচি চালু করা হচ্ছে। গতকাল বুধবার বিভাগের চেয়ারপারসন গীতিআরা নাসরিন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের এক মতবিনিময় সভায় এ কথা জানান। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথস কলেজ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেবে। মতবিনিময় সভায় গোল্ডস্মিথস কলেজের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান গ্যারেথ স্ট্যানটন উপস্থিত ছিলেন।পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে গীতিআরা নাসরিন বলেন, প্রাথমিকভাবে স্নাতক পর্যায়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি সাধারণ পাঠ্যসূচি এবং স্নাতকোত্তর পর্যায়ে পরিবেশ সাংবাদিকতা বিষয়ে একটি বিশেষ পাঠ্যসূচি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে এই পাঠ্যক্রম দুটি চালুর পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া পরিবেশ বিষয়ে নিয়মিত গবেষণা কার্যক্রমও এতে অন্তর্ভুক্ত থাকবে।মতবিনিময় সভায় ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, সম্পাদক হাসান হাফিজ, সেলিম সামাদ, রফিকুর রহমান, শামিমা চৌধুরীসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সুধাংশু শেখর রায়, শামিম রেজা, ফাহমিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।