সাংবাদিকতায়ও দুর্বৃত্তায়ন শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বর্তমানে রাজনীতিসহ বিভিন্ন পেশার পাশাপাশি সাংবাদিকতায়ও দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। সাংবাদিকতায় পেশাদারি মনোভাব থাকা দরকার। নিয়মনীতি মেনে সাংবাদিকদের এ পেশার চর্চা করতে হবে। গতকাল মঙ্গলবার বেসরকারি প্রতিষ্ঠান আর্টিকেল-১৯ আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যে উদ্বেগও প্রকাশ করেন।নারী সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা বিষয়ে ‘রাইটিং রং অ্যাগেইনস্ট উইম্যান জার্নালিস্টস ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিজানুর রহমান বলেন, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, একটি ইংরেজি দৈনিকের খবরে তার অর্থ পুরোটাই পাল্টে গেছে। তিনি আরও বলেন, নারী সাংবাদিকদের নীরবতা ভেঙে সমস্যার কথা বলতে হবে। কথা বলার কোনো জায়গা না পেলে কমিশনে গিয়ে কথা বলারও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আর্টিকেল-১৯-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক তাহমিনা রহমান ৫৫ জন নারী সাংবাদিকের ওপর চালানো জরিপের ফলাফল উপস্থাপন করেন। এই ৫৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন মফস্বলের সাংবাদিক। সাক্ষাৎকারভিত্তিক জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ নারী সাংবাদিক বলেছেন, তাঁরা কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের শিকার হন। ৫২ শতাংশ বলেছেন, তাঁরা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন। যৌন হয়রানির শিকার ৪০ শতাংশ অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেননি। তবে এ কারণে অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন। ৪৭ শতাংশ কর্মক্ষেত্রে অন্যান্য সমস্যার কথা বলেছেন । জরিপমতে, বেতন বৈষম্য, নিয়োগপত্র না থাকা, বিভিন্নভাবে শাসানোর মতো বিষয় মফস্বলের নারী সাংবাদিকদের ক্ষেত্রে বেশি ঘটে। গোলটেবিল বৈঠকে জানানো হয়, গণমাধ্যমে নারী সাংবাদিকদের সংখ্যা বাড়লেও তা এখনও মাত্র ৭ শতাংশ। নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংসদ হাসানুল হক ইনু বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক শাহ হোসেন ইমাম বলেন, নারী সাংবাদিকদের ঘর ও অফিস সামলাতে হয়। তাই অফিসের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হলে নারী সাংবাদিকদের ঝরে পড়ার হার কমবে।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, অনেক সময় নিরাপত্তার অজুহাতে নারী সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্ট না দেওয়ায় তাঁরা পেছনে পড়ে যান। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমের সার্বিক পরিবেশ ভালো না হলে নারী সাংবাদিকেরা ভালো পরিবেশ পাবেন না। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রেসিডেন্ট নাসিমুন আরা হক প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত ২৫ শতাংশ নারী সাংবাদিকের নিয়োগের দাবি জানান।