সাংবাদিকদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংবাদিকতার নোবেল’ হিসেবে খ্যাত পুলিটজার পুরস্কারপ্রাপ্ত মার্কিন সাংবাদিক এমি হার্ডি বলেছেন, অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে সাংবাদিকদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। কারণ সবার আস্থা অর্জন করতে পারার ওপরই অনুসন্ধানী প্রতিবেদকের টিকে থাকা নির্ভর করে। গতকাল রোববার রাজধানীর জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এমি হার্ডি ‘অনুসন্ধানী প্রতিবেদন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ সম্পর্কে বক্তব্য দেন। মার্কিন দূতাবাস ও যাত্রী যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এমি হার্ডির বক্তব্যের আগে তাঁকে সেমিনারে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মার্কিন দূতাবাসের প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার প্যাট্রিসিয়া এ হিল। এ সময় তিনি বলেন, এমি হার্ডি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক। মার্কিন সেনাবাহিনীতে কীভাবে নারীরা যৌন হয়রানি ও পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন, তার ওপর তিনি প্রতিবেদন তৈরি করেন। মার্কিন কংগ্রেস তাঁর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিছু সংস্কার আনে। তিনি পুলিটজার পুরস্কার পান। এ ছাড়া তিনি বহু সাড়া জাগানো প্রতিবেদন করেছেন এবং অসংখ্য সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। এমি হার্ডি সেমিনারে উপস্থিত সাংবাদিকদের বলেন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগের চেয়েও সাংবাদিকদের অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। নইলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হবে, আদালতের মুখোমুখি হতে হবে। এমি সাংবাদিকদের সাধারণ মানুষের সঙ্গে বেশি বেশি কথা বলার পরামর্শ দেন। প্রয়োজনীয় নথিপত্র ও বিশ্বস্ত সূত্র ছাড়া কোনো প্রতিবেদন করা অনুচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের সাহসী ও ভালো আচরণ করার ওপরও জোর দেন।