সাংবাদিকদের মানববন্ধনে সাগর-রুনি হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ তাঁদের পরিবার ও সহকর্মীরা। গতকাল শনিবার রাজধানীতে মাছরাঙা টিভি অফিসের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক ও স্বজনেরা সেই ক্ষোভ আর কষ্টের কথাই জানালেন। একই সঙ্গে তাঁরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। সাগর সরওয়ার ছিলেন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক। তাঁর স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। মানববন্ধনে অংশ নিয়ে রুনির মা নূরুন নাহার মির্জা বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এই মামলার কোনো অগ্রগতি না হওয়ায় আশা ছেড়ে দিয়েছি। তার পরও আবার আশায় বুক বাঁধি। কারণ, এ ছাড়া তো আর কোনো উপায় নেই।’মৃত্যুর বেশ কিছুদিন পরে কবর থেকে লাশ তুলে ভিসেরা পরীক্ষার বিষয়ে নূরুন নাহার বলেন, ‘অনেক কষ্ট হয়েছে। কিন্তু তার পরও ভিসেরা পরীক্ষা করতে দিয়েছি। না করতে দিলে বলা হতো, টেস্ট না করতে পারায় তদন্ত ব্যাহত হয়েছে। কিন্তু এত কিছুর পরও তদন্তের অগ্রগতি দৃশ্যমান না।’মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম বলেন, ‘তদন্তে অগ্রগতি দেখছি না। তবে আশা করছি, সঠিক তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।’চ্যানেল ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু মন্তব্য করেন, এ বিষয়ে তদন্ত করতে সাংবাদিকদের একটি তদন্ত কমিটি করা উচিত। এই ঘটনায় সাংবাদিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন তিনি। মাছরাঙা টেলিভিশন ছাড়াও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরা মানববন্ধনে যোগ দেন। গত ১১ ফেব্রুয়ারি রাতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি তাঁদের রাজাবাজারের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাঁদের হত্যা করা হয়।