সাংবাদিকদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ রাজনীতিবিদ এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করে। এতে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজে সভাপতি আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক এম এ আজিজ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতারের ১০ মিনিট আগে খালেদা জিয়া প্রেসক্লাবে পৌঁছান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইমলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, খবরপত্র-এর সম্পাদক গিয়াস কামাল চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আকতার ইউসুফ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ, জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার মনিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।