সাংবাদিকদের স্থায়ী বন্ধু থাকতে পারে না: স্পিকার
স্পিকার আবদুল হামিদ বলেছেন, সাংবাদিকদের কোনো স্থায়ী বন্ধু থাকতে পারে না। তবে তাঁদের সব সময় সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। গত সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘বজলুর রহমান স্মৃতিপদক-২০১০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ এ কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর ওই অনুষ্ঠানের আয়োজন করে। দৈনিক সংবাদ-এর প্রয়াত সম্পাদক বজলুর রহমান স্মরণে ওই পুরস্কার দেওয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদপত্র ও ইলেকট্র্রনিক মিডিয়ার দুজন সাংবাদিককে পুরস্কার দেওয়ার পাশাপাশি এ বছর প্রথমবারের মতো দেওয়া হয় একটি বিশেষ সম্মাননা।নারায়ণগঞ্জের নির্যাতিতা শহীদ মুক্তিযোদ্ধার ওপর প্রতিবেদনের জন্য সংবাদপত্র শ্রেণীতে পদক পেয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিবেদক রিতা ভৌমিক। মুক্তিযোদ্ধাদের সহযোগী এক শহীদ মাঝিকে নিয়ে বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন ‘করিম মাঝির দাফন হলো না’ শীর্ষক প্রতিবেদনের জন্য ইলেকট্র্রনিক মিডিয়ায় পদক পান অনুষ্ঠানের নির্মাতা কাজী সাজ্জাদ আলী জহির। এ ছাড়া চ্যানেল আইয়ে প্রচারিত ধারাবাহিক ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’-এর জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলটিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর পুরস্কার গ্রহণ করেন। আবদুল হামিদ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সত্য বলাটাই অনেক ক্ষেত্রে বিপ্লব হয়ে যায়। বজলুর রহমান সে বিপ্লব করেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী, প্রবীণ সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এ এস এম শামসুল আরেফিন প্রমুখ বক্তব্য দেন।