সাংবাদিকের ওপর র্যাবের নির্যাতনের নিন্দা জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা সাংবাদিক তুহিন সানজিদের ওপর র্যাবের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা দায়ী র্যাবের সদস্য ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দৈনিক ভোরের ডাক-এর প্রতিবেদক তুহিন সানজিদকে গত শুক্রবার রাস্তা থেকে তুলে নেওয়া হয়। এরপর তাঁর ওপর নির্যাতন চালিয়ে আবার রাস্তায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তুহিন পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, র্যাব এখন আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবনে শান্তি প্রতিষ্ঠায় তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। উল্টো তারাই দরগাহর টাকা লুট, রাজনৈতিক কর্মীদের গুম, অপহরণ, সন্ত্রাস-চাঁদাবাজি থেকে শুরু করে সাংবাদিক নির্যাতনসহ সব ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। সাংবাদিক নেতারা র্যাবকে সংস্কার, সংযত ও সুশৃঙ্খল করার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানান। সাংবাদিক নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে র্যাবের বিরুদ্ধে গণ-আন্দোলনের সূচনা হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন তাঁরা। বিজ্ঞপ্তি।